বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামের দাওয়াতকে জীবনের মিশন হিসেবে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

ইসলামের দাওয়াতকে জীবনের মিশন হিসেবে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মুসলিম হিসেবে প্রত্যেকেরই উচিত ইসলামের সুমহান দাওয়াতকে নিজের জীবনের মূল মিশন হিসেবে নেওয়া। একই সঙ্গে দাওয়াতি কাজে আত্মনিয়োগের মাধ্যমে ব্যক্তিগত চরিত্রকে সুন্দর করে একটি আদর্শ ও কল্যাণময় সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

আজ (মঙ্গলবার) ইসলামী দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি ড. আবু আবদুল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি সৈয়দ মোবাস্বীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. ইউসুফ আলী ও হাফেজ এনামুল হক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই হলো দাওয়াত। এটি কেবল একটি কাজ নয়; বরং জীবনের একটি মহান মিশন। দাওয়াতকে জীবনের লক্ষ্য হিসেবে নিলে মানুষের চিন্তা, চরিত্র ও আচরণ ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। দাওয়াতের প্রথম প্রভাব পড়ে নিজের জীবনের ওপরই; এতে সততা, ধৈর্য, নম্রতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি বিকশিত হয়।

প্রবাসী পেশাজীবীদের মেধা, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গঠনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা চাইলে প্রবাসে শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে পারেন এবং নিজ দেশের সামাজিক উন্নয়নেও কার্যকর অবদান রাখতে পারেন।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এতে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাস ফেরত নাগরিকদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মহলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত বাংলাদেশি ছাত্র, শিক্ষক, গবেষক, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক এবং বিভিন্ন পেশার সাধারণ প্রবাসী পেশাজীবীরা অংশ নেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন