সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুরে কিশোরী মেয়েকে উত্যাক্ত করার ক্ষোভে লাঠির আঘাতে ৪ জনের মাথা ফাটিয়েছে বাবা। এ ঘটনায় থানা পুলিশ গ্রেপ্তার করেছেন তাঁকে। শনিবার সন্ধ্যায় উপজেলার মোল্লা বাজার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার হওয়া ছেলে পক্ষ থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, উপজেলার মোল্লাবাজার আদর্শ গ্রামের মন্টু মিয়ার বখাটে ছেলে রাহিম একই গ্রামের মাসুদ রানার ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ে মোহিনী আক্তারকে দীর্ঘ দিন থেকে উত্যাক্ত করে আসছিল। শনিবার বিকেলে বাড়ি পাশে খেলার সময় রাহিম কিশোরী মেয়েকে উত্যাক্ত করে। এরপর মোহিনী বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এরপর মোহিনীর মা প্রতিবাদ করলে রাহিমের পরিবার মোহিনী ও মোহিনীর মা মুক্তাবানুকে লাঠিসোটা দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে বখাটে রাহিম কিশোরী মোহিনীকে বিবস্ত্র করে। সন্ধ্যায় মোহিনীর বাবা বাড়ি ফিরে ঘটনা জানতে পারেন। এতে মোহিনীর বাবা ও নানা ক্ষিপ্ত হয়ে রাহিম, রাহিমের বাবা মন্টু মিয়া, মা রুজিনা ও চাচা রবিউল ইসলামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে মাথায় লাঠির আঘাতে তারা গুরুতর জখম হন। এরপর প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আহতদের প্রথমিক চিকিৎসা শেষে পাশ্ববর্তী জয়পুরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুল্লাহ জানান, মারপিটের ঘটনায় ওই চারজনের মাথায় কেটে গেছে। সেলায় ও প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কিশোরী মেয়ের ফুফু মুফতি বেগম জানান, মেয়ের অপমানের কথা শুনে বাবা ক্ষিপ্ত হয়ে তাদের লাঠি দিয়ে মেরে আহত করেছে। সে আইনের সহয়তা না নিয়ে মারপিট করে ভূল করেছে। তিনি আরো জানান, বখাটে রহিম একজন মাদকাসক্ত। সে জন্য তার স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিমুল ইসলাম জানান, ওই কিশোরীকে বিবস্ত্র ও মাকে মারপিট করার কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়ে পক্ষকে আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে শুনি মেয়ের বাবা বাড়িতে এসে ঘটনা শুনে ক্ষিপ্ত হয়ে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে।
হাকিমপুর থানা ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় আহতদের পক্ষ থেকে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নং আসামী মাসুর রানাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তবে কিশোরীকে উত্যাক্ত ও মারপিটের ঘটনা শুনেছি। তারা অভিযোগ দিলে ব্যাবস্থা নেওয়া হবে।
সূত্র: ঢাকা পোষ্ট




.jpg)





