সংগৃহীত
নানা আলোচনা, সংশয় ও আইনি জটিলতা কাটিয়ে আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী।
এনটিআরসিএ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ৯টি কেন্দ্রে চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম আগেই জানিয়েছেন, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে এই আবেদন জমা পড়ে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ রয়েছে। আবেদনকারীদের মধ্যে পুরুষ ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী ৫ হাজার ৭১৮ জন।
এটি প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান পদে কেন্দ্রীয়ভাবে লিখিত পরীক্ষার আয়োজন। এর আগে এসব পদে নিয়োগ দেওয়া হতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। সেই প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি এবং অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।
এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও আইনি জটিলতা তৈরি হয়। বিশেষ করে ১৮ বছরের অভিজ্ঞতার শর্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল। তবে আদালত সেই রিট স্থগিত করায় পরীক্ষাটি আয়োজনের পথ সুগম হয়। এনটিআরসিএ বলছে, নির্ধারিত অভিজ্ঞতার শর্ত বজায় রেখেই পরীক্ষা নেওয়া হচ্ছে।
গত ২৫ মার্চ প্রকাশিত ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরীক্ষার পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: ঢাকা পোষ্ট














