সংগৃহীত
শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার রেশ কাটিয়ে আজ সোমবারও (২৩ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ দেশের প্রধান রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিবেশ শান্ত রয়েছে। সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন লাখো শ্রমিক এবং অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে আজ সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন ও সড়কে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্বরিত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
সরেজমিনে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই দল বেঁধে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করছেন। কোথাও কোনো বড় ধরনের উত্তেজনা নেই। তবে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থান ও টহল জোরদার রাখা হয়েছ।
সাভার শিল্পাঞ্চলের উলাইল, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার পোশাক কারখানাগুলোর পরিবেশ সকাল থেকেই সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। স্থানীয় কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, হাতে গোনা কয়েকটি কারখানা ছাড়া প্রায় সব প্রতিষ্ঠানেই শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোর ভেতরে মেশিনের চাকা ঘোরার পাশাপাশি শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের অভ্যন্তরীণ সড়কগুলোতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শিল্পাঞ্চলের বেশিরভাগ এলাকা শান্ত থাকলেও আজ সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টায় নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে ভেতরে ঢুকে তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন।
পরিস্থিতি বিবেচনায় সকাল ৮টা ৫০ মিনিটে কারখানা কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় শ্রমিকদের একটি অংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে এবং বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বাসের যাত্রীদের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। উত্তেজিত শ্রমিকেরা বাসটির জানালার কাচ ভাঙচুর করেন। পাশাপাশি তাঁরা পার্শ্ববর্তী আল-মুসলিম অ্যাপারেলস ও জনরন সুয়েটার কারখানায় প্রবেশ করে হাঙ্গামা সৃষ্টির চেষ্টা চালান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে পুলিশ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড ও একটি টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গিয়ে নিউ এইজ গ্রুপের তিন নারী শ্রমিক আহত হন। আহতরা হলেন কারখানাটির অপারেটর সিরাতুব, রেখা ও সুইটি। তাঁদের মধ্যে একজনের মাথায় এবং অপর দুজনের পায়ে আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, আহত তিন শ্রমিকই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও আজকের মতো সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর ওই কারখানাগুলোর শ্রমিকেরাও শান্তিপূর্ণভাবে কর্মস্থল ত্যাগ করে নিজ নিজ বাসায় ফিরে যান।
ঘটনার বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার বলেন, "সকালে নিউ এইজ গ্রুপের শ্রমিকেরা সাধারণ ছুটি ঘোষণার পর বাইরে বেরিয়ে সাভার এলাকার একটি বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং বাস ভাঙচুর করেন। পরে তাঁরা অনন্ত ও জনরন কারখানায় হামলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সতর্ক করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকেরা ধীরে ধীরে ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।"
উল্লেখ্য, এর আগে গতকাল রবিবারও (২২ নভেম্বর) ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল দুপুরে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছিলেন, শ্রমিক অসন্তোষের মুখে ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারায় ২১টি কারখানা বন্ধ রাখা হয়েছিল এবং শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বেরিয়ে যাওয়ায় হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, স্টারলিং ও নেক্সট কালেকশনসহ ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী দুটি কারখানা বন্ধ ছিল। তবে গতকাল বিকেল থেকেই শিল্পাঞ্চলে স্বস্তি ফিরতে শুরু করে, যার ধারাবাহিকতায় আজ সোমবার অধিকাংশ কারখানায় কাজ শুরু হয়েছে
অন্যদিকে, দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সার্বিক পরিবেশ আজ সকাল থেকেই সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। সকাল থেকে হাজার হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর কিংবা ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ঘুরে দেখা গেছে, কারখানাগুলোর ফটকের সামনে কোনো উত্তেজনা নেই এবং শ্রমিক উপস্থিতি প্রায় শতভাগ। কালিয়াকৈর বাজার, চন্দ্রা মোড়, শ্রীফলতলী মোড়, মৌচাক ও সফিপুর এলাকার ব্যস্ত সড়কগুলোতে বাস, ট্রাক, অটোরিকশা ও পিকআপ স্বাভাবিকভাবে চলাচল করছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সহযোগিতা করতে দেখা গেছে।
কালিয়াকৈরের সার্বিক পরিস্থিতি নিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, "কালিয়াকৈর আমাদের শিল্পের প্রাণ। এখানে লাখ লাখ শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা শান্তিতে কাজ করবেন, মালিকেরা শান্তিতে কারখানা চালাবেন এবং ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবেন—এটাই আমাদের লক্ষ্য। কোনো ধরনের ভাঙচুর, অশান্তি ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মাঠে আছে। রাজনৈতিক কর্মী, শ্রমিক ও মালিক সবাই মিলে আমরা কালিয়াকৈরকে শান্ত রাখব।"
রাজনীতিসংবাদ
পরিবহন খাতের স্বাভাবিক অবস্থার কথা তুলে ধরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চালক ও সহকারীরা কাজে ফিরেছেন। কালিয়াকৈর-চন্দ্রা-ঢাকা মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি।"
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, "শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন এবং বিজিবির টহল জোরদার করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
ইসলামিবই খুঁজুন
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পকে রক্ষা করতে মালিকপক্ষ, শ্রমিক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। কিছু কারখানায় বিচ্ছিন্নভাবে মজুরি বৃদ্ধির দাবি ও কর্মবিরতির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান এবং সাধারণ শ্রমিকদের কাজে ফেরার আগ্রহে শিল্পাঞ্চলগুলোতে দ্রুত স্বাভাবিক গতি ফিরে আসছে।









