সংগৃহীত
দেশের তৈরি পোশাক খাতকে ঘিরে বর্তমানে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি সতর্ক করে বলেন, এই শিল্প যদি ধ্বংসের পথে যায়, তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন শ্রমিকরাই। পোশাক খাতের শ্রমিকদের মজুরি রাতারাতি বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে তিনি মালিক ও শ্রমিক উভয় পক্ষকে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই অনুষ্ঠানে স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, অনিয়ম, ব্যবসার খরচ নিয়ন্ত্রণ এবং সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর সমাজে অস্থিরতা ও ষড়যন্ত্র-তত্ত্বের চর্চা চলতেই থাকে; তবে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র-তত্ত্বই গ্রহণযোগ্যতা
পায় না। এসব পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বাংলাদেশের মূল চ্যালেঞ্জ কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিকও উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে একতরফা বাণিজ্য সুবিধা পাওয়ার যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে তিনি জানান, অতীতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মতো প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি। এ অবস্থায় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতা আরও সময়োপযোগী করার পরামর্শ দেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে বাংলাদেশ সাময়িক স্বস্তি পেয়েছে। তবে এই বর্ধিত সময়ে আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার পূর্ণ প্রস্তুতি নিতে হবে।




