সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতে আবারও প্রাণ গেল সাতক্ষীরার এক প্রবাসী যুবকের। ইসরায়েলের ড্রোন হামলায় কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের শুভ কুমার দাস (২৮) নিহত হয়েছেন।
এ ঘটনার মধ্যে দিয়ে লেবাননে হামলায় নিহত সাতক্ষীরাবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। একের পর এক মৃত্যুর খবরে উপকূলীয় জেলা সাতক্ষীরাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন শুভ কুমার দাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও এখনো সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে পাড়ি জমান তিনি। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিল পুরো পরিবার।
মঙ্গলবার দুপুরে শুভর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরা জানান, পরিবারের স্বপ্ন পূরণের আশায় বিদেশে গিয়েছিলেন শুভ। নিয়মিত পরিবারের কাছে অর্থ পাঠিয়ে সংসারের হাল ধরেছিলেন তিনি। কিন্তু সেই তরুণের মরদেহই এখন ফিরবে দেশে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, “শুভ কুমার দাসের মৃত্যুর বিষয়টি এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে খবর পাওয়ার পর পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, “লেবাননে হামলায় জেলার তিনজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
সূত্র: ঢাকা পোষ্ট









