সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রায় ৫ লিটার দেশীয় চোলাই মদসহ উজ্জ্বল দে (৫২) নামে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক অফিস সহায়ককে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দুয়ারা সংলগ্ন মাহালিয়া রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।
উজ্জ্বল দে বোয়ালখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়াও তিনি চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্মরত রয়েছেন।
বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মহিউদ্দিন বলেন, “তিনি বান্দরবান থেকে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বোয়ালখালী ফিরছিলেন। এ সময় মাহালিয়া রাস্তার মাথায় এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান। তবে মোটরসাইকেলের গতি কম থাকায় তিনি আহত হননি। পরে আমরা তাকে উদ্ধারে এগিয়ে আসলে তার কাঁধে থাকা একটি ব্যাগ ভর্তি দেশীয় চোলাই মদ দেখতে পাই। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে মোটরসাইকেলের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বেশ কয়েক বোতল মদ পাওয়া যায়। পরে আমরা তাকে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি।”
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, “তার মোটরসাইকেলের সামনে চমক হাসপাতালে নাম ও লোগো সম্বলিত একটি স্টিকার রয়েছে। এ ছাড়াও তার পকেটে একটি পরিচয় পত্র পাওয়া গেছে। সেখানে তিনি ওই হাসপাতলের অফিস সহায়ক উল্লেখ রয়েছে। বিষয়টি আমরা ইতোমধ্যে পুলিশকে জানিয়েছি।”
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ঢাকা পোস্টকে বলেন, “পুলিশ স্থানীয়দের কাছ থেকে তাকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”
সূত্র: ঢাকা পোষ্ট













