সংগৃহীত
ঝামেলা শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। বিগ ব্যাশ লিগকে (বিবিএল) বেসরকারিকরণের পরিকল্পনা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি তিনটি ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ছয়টি অ্যাসোসিয়েশনের মধ্যে পাঁচটির সম্মতি প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি। তাদের ভয়, বিবিএলের বেসরকারিকরণ তাদের হাত থেকে এর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হতে পারে।
এই অবস্থায় বড় ধরনের সংকটের মুখে পড়তে শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কোড স্পোর্টস-এর একটি প্রতিবেদন সত্যি হলে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে খুশি নন পাঁচ সিনিয়র ক্রিকেটার। তারা তাতে এখন পর্যন্ত স্বাক্ষর করেননি।
এদিকে বেসরকারিকরণের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, বিগ ব্যাশ লিগের অনেক তারকাই এখন বিদেশে খেলার কথা ভাবছেন। বেশ কয়েক বছর ধরে বিবিএল খেলে কম টাকা উপার্জন করছেন তারা। এই টুর্নামেন্ট বেসরকারিকরণ হলে সেই সমস্যার সমাধান হতে পারতো।
কয়েক দিন আগে আরেকটি প্রতিবেদন হয়েছিল যে, ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অধিনায়ক প্যাট কামিন্সকে তিন বছরের চুক্তিতে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেড়ে যেন জাতীয় দলের তিন ফরম্যাটেই তাকে পাওয়া যায়, সেই চিন্তা থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে কামিন্স সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন। লিগের অন্যতম এই তারকা প্রতি মৌসুমে ১৮ কোটি রুপি পান।
সূত্র: ঢাকা পোষ্ট













