সংগৃহীত
অতীতে বেশ কয়েকবার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেসময় বয়সটা একসঙ্গে খেলার পক্ষে ছিল না জুনিয়রের। তবে বড় হচ্ছে সিআর সেভেনের ছেলে। তাতেই ক্রমশ বেড়েই চলেছে তাদের একসঙ্গে খেলার সম্ভাবনা।
আর এই সম্ভাবনার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিযেছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলেকে মূল দলে প্রমোশন দেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে তারা। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমেই ফুটবল মাঠে একসাথে দেখা যেতে পারে বাবা-ছেলেকে।
আগামী জুনে রোনালদো জুনিয়রের বয়স ১৬ বছর পূর্ণ হবে। আল-নাসরের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তার পারফরম্যান্স ইতোমধ্যেই ক্লাব কর্মকর্তাদের নজর কেড়েছে। বিশেষ করে আল-নাসর অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোল এবং সম্প্রতি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে হ্যাটট্রিক করার পর তার দক্ষতা নিয়ে আর কোনো প্রশ্ন উঠছে না। তার শারীরিক উচ্চতা (১.৮৭ মিটার) এবং গোল করার সহজাত দক্ষতা তাকে মূল দলের অনুশীলনে যোগ দেওয়ার যোগ্য করে তুলেছে।
২০২৪ সালের অক্টোবরে এনবিএ-তে লেব্রন জেমস এবং তার ছেলে ব্রনি জেমস লস অ্যাঞ্জেলেস ল্যাকার্সের হয়ে একসাথে খেলে ইতিহাস গড়েছিলেন। ফুটবলেও এমন ঘটনা খুব একটা দেখা যায় না। এর আগে কিংবদন্তি রিভালদো এবং তার ছেলে রিভালদিনহো কিংবা আইসল্যান্ডের গুড জনসন ও তার ছেলে আর্নরের একই সাথে খেলার রেকর্ড রয়েছে। এবার ৪১ বছর বয়সী রোনালদো এবং ১৬ বছর বয়সী রোনালদো জুনিয়র সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন।
রোনালদো গত বছরই আল-নাসরের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, রোনালদো জুনিয়রকে মূল দলে নিলে সেটি যেমন মাঠের খেলায় নতুন মাত্রা যোগ করবে, তেমনি মিডিয়া ও প্রচারণার ক্ষেত্রেও এক বিশাল আলোড়ন তৈরি করবে।
সূত্র: ঢাকা পোষ্ট














