সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ থেকে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে গিয়েছেন ছয় ক্রিকেটার। এর মধ্যে শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিমের দল পেশোয়ার জালমির ম্যাচ শনিবার। নতুন আসর শুরুর আগে তাদের গত আসরের বিপর্যস্ত বোলিং লাইনআপের কথা উঠে আসে। জবাবে নাহিদ-শরিফুলদের মতো নতুন সাইনিংদের ওপর আশা রাখার কথা জানালেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম।
যদিও বিদেশি ক্রিকেটারদের পুরো আসরে পাবে না পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা বিসিবির এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন ১২ এপ্রিল পর্যন্ত। এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলতে তাদের দেশে ফিরতে হবে। এদিকে, পেশোয়ারের নতুন বোলারদের নিয়ে বাবরের প্রত্যাশা, ‘গত আসরে আমরা বোলিং অ্যাটাক নিয়ে অনেক সংগ্রাম করেছি। এবার আমার (নতুন সাইনিংয়ে) সেটি ঠিক করেছি এবং মাঠে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’
দলে ভালো বোলার থাকলেও, পরিকল্পনা কাজে লাগাতে না পারলে সেসবের কোনো মূল্য নেই বলেও মনে করেন পাকিস্তানি এই তারকা, ‘প্রধান কাজ হচ্ছে পরিকল্পনার বাস্তবায়ন। আপনার কোন ধরনের বোলিং বেছে নিয়েছেন তার মূল্য থাকবে না, যদি যথাযথভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে না পারেন। তখন ভালো বোলারও কাজে আসবে না। আল্লাহ চাইলে আমরা এখন সেটি (পরিকল্পনা) বাস্তবায়নের দিকে মনোযোগ দিচ্ছি।’
পিএসএলের ২০২১ থেকে ২০২৫ আসরগুলোয় ১৪টি ম্যাচে ২০০ রানের বেশি খরচ করেছে পেশোয়ার জালমি। যা দলের অন্যতম ব্যর্থতার কারণ মনে করা হচ্ছে। সে কারণে ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি এরপর আর চূড়ান্ত সাফল্য পায়নি। এবার নতুন উদ্যমে শুরুর প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। একাদশ আসরের প্রথম ম্যাচে শনিবার (২৮ মার্চ) গাদ্দাফি স্টেডিয়ামে রাওয়ালপিন্ডিজের মুখোমুখি হবে পেশোয়ার। ম্যাচটির একাদশে রানা-শরিফুলরা থাকলে, প্রতিপক্ষ হিসেবে তাদের দেখা হতে পারে জাতীয় দল সতীর্থ রিশাদ হোসেনের সঙ্গে।
পিএসএলে পেশোয়ার ও রাওয়ালপিন্ডিজের স্কোয়াড
পেশোয়ার জালমি : বাবর আজম (অধিনায়ক), অ্যারন হার্ডি, সুফিয়ান মুকিম, ব্রায়ান বেনেট, তানজিদ হাসান তামিম, আব্দুল সামাদ, আলী রাজা, আমের জামাল, খুররাম শেহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুস সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শরিফুল ইসলাম, কাশিফ আলি, শাহনেওয়াজ দাহানি, ফারহান ইউসুফ।
রাওয়ালপিন্ডিজ : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), জামান খান, ইয়াসির খান, স্যাম বিলিংস, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, কোল ম্যাককনচি, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টার, উসমান খাজা, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলী, মোহাম্মদ আমির খান, শাহজাইব খান ও সাদ মাসুদ।
এএইচএস
সূত্র: ঢাকা পোষ্ট














