সংগৃহীত
একেবারে নিখুঁত ফিনিশারের ভূমিকায় মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের এই উরুগুইয়ান তারকা ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। গোলরক্ষকসহ দুজনকে কাটিয়ে, বক্সে দারুণ ফিনিশিংয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মূল ব্যবধানটাই গড়ে দিয়েছেন ভালভার্দে। যাতে ভর করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সিটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (বুধবার) খেলতে নামার আগে উদ্বেগে ভরপুর ছিল লস ব্লাঙ্কোস শিবির। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যামসহ একঝাঁক তারকা চোটের কারণে মাঠের বাইরে। সমর্থকদের সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন ভালভার্দে। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা মিডফিল্ডার। যদিও বল দখলে বেশ এগিয়ে ছিল সিটি। ৫৮ শতাংশ পজেশনের পাশাপাশি ৯ শটের মধ্যে ৫টি লক্ষ্যে ছিল সফরকারীদের। বিপরীতে রিয়াল ১১ শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে।
ম্যাচের ২০ মিনিটেই লিড নেয় আলভারো আরবেলোয়ার দল। সেই গোলে ভালভার্দে যেমন দারুণভাবে ধোঁকা দিয়েছেন, তেমনি ভুল ছিল সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমারও। বল নিয়ে প্রায় ফাঁকা বক্সে ঢুকে এগোচ্ছিলেন উরুগুইয়ান তারকা, দোন্নারুমা অনেকদূর এগিয়ে এসে বল ঠেকানোর আগমুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তার পাশ দিয়ে সামনে এগিয়ে দেওয়া বল ফাঁকা জালে জড়াতে ভুল করেননি ভালভার্দে। সাত মিনিট বাদেই তিনি রিয়ালের লিড দ্বিগুণ করেন। এবার ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল রুবেন দিয়াজের পা থেকে পেয়ে যান ভালভার্দে। দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে তিনি এবারও কোনাকুনি শটে দোন্নারুমাকে পরাস্ত করেছেন।
দু’দফায় পিছিয়ে পড়া সিটিকে সুযোগ না দিয়ে ৪২ মিনিটেই স্কোরলাইন ৩-০ পরিণত করেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। হ্যাটট্রিক পূর্ণ করা ভালভার্দের গোলটিও হয়েছে দারুণ ফিনিশিংয়ে। ব্রাহিম দিয়াজের ভাসানো বল ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ঠাণ্ডা মাথার ভলিতে এড়িয়ে দ্বিতীয় শটে তিনি গোলটি দিয়েছেন। এর মধ্য দিয়ে সিনিয়র ক্যারিয়ারের এক দশকে প্রথম হ্যাটট্রিক হয়ে গেল ভালভার্দের। চ্যাম্পিয়ন্স লিগে আগের ৭৫ ম্যাচে ৩ গোল করা এই তারকা এক ম্যাচেই সমানসংখ্যক বার জালে বড় জড়ালেন।
বিরতির পর নেমেও আক্রমণের ধার কমেনি রিয়ালের। এবার অবশ্য ব্রাহিম দিয়াজের জোরালো শট ঠেকিয়েছেন দোন্নারুমা। ৫৬ মিনিটে দলীয় স্কোর ও নিজের প্রথম গোলটি পেতে পারতেন ভিনিসিয়ুস। প্রতিআক্রমণে উঠে ডি-বক্সে একজনকে কাটানোর পর দোন্নারুমাকেও ফাঁকি দিতে যান। তবে সিটি গোলরক্ষক ফাউল করায় রিয়াল পেনাল্টি পায়। দুর্বল স্পটকিকে দোন্নারুমাকে পরীক্ষায় ফেলতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। ৬৭ মিনিটে আর্লিং হালান্ড প্রায় ফাঁকা গোলমুখে বল পেলেও দারুণ স্লাইডে তার সামনে দেয়াল তুলে দেন অ্যান্টোনিও রুডিগার।
চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার শুরুর একাদশে সুযোগ ১৮ বছর বয়সী মিডফিল্ডার থিয়োগো পিনার ডি-বক্সে বল ক্লিয়ার করতে বিলম্ব হওয়ায় নিকো ও’রাইলি সুযোগ পেয়ে যান। তবে সিটি লেফট-ব্যাকের শট পা দিয়ে ঠেকিয়েছেন থিবো কোর্তোয়া। শেষ সময় পর্যন্ত ব্যবধান কমাতে মরিয়া হয়ে উঠলেও হালান্ড, বার্নার্দো সিলভারা কার্যকর সুযোগ তৈরি করতে পারেননি। ফলে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে রিয়ালকে দ্বিতীয় লেগে আতিথ্য দেবে সিটি। আগামী মঙ্গলবার ম্যাচটি হবে সিটির ডেরা ম্যানচেস্টারে।
সূত্র: ঢাকা পোষ্ট












.jpg)
.jpg)
.jpg)