সংগৃহীত
ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে বাড়ছে সাইবার হামলা ও অনলাইন জালিয়াতির ঝুঁকি। অথচ এসব হামলা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশের অধিকাংশ ব্যাংকের। গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা নিরাপত্তা-সংক্রান্ত বড় কোনো ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, সে বিষয়ে লিখিত ও নিয়মিত পরীক্ষিত পরিকল্পনা রয়েছে মাত্র ৩১ শতাংশ ব্যাংকের।
অর্থাৎ ৬৯ শতাংশ ব্যাংকেরই এ ধরনের পরিকল্পনা নেই। একই সঙ্গে ব্যাংকিং অ্যাপের লেনদেনের গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে মাত্র ৪৪ শতাংশ ব্যাংক। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় উঠে এসেছে ব্যাংকিং অ্যাপের সাইবার নিরাপত্তার এমন উদ্বেগজনক চিত্র।
গতকাল বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা: বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা অংশ নেন।
গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৮১ শতাংশ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা বা ইভেন্ট লগিং চালু রেখেছে। তবে তথ্য সংরক্ষণের তুলনায় তাৎক্ষণিক নজরদারির ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা বেশ সীমিত। মাত্র ৪৪ শতাংশ ব্যাংক অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে লেনদেনের তথ্য ও গতিবিধি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে।
আরও উদ্বেগজনক বিষয় হলো- মাত্র ৩১ শতাংশ ব্যাংকের গ্রাহকসেবার অ্যাপে সাইবার হামলা বা নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলায় লিখিত পরিকল্পনা রয়েছে এবং সেটি নিয়মিত পরীক্ষা করা হয়। ফলে বড় ধরনের সাইবার হামলা কিংবা জালিয়াতির ঘটনা ঘটলে অধিকাংশ ব্যাংকের প্রস্তুতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্যাংকিং অ্যাপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হিসেবে উঠে এসেছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোতে এ ধরনের প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এর পর রয়েছে গ্রাহকের হিসাবের নিয়ন্ত্রণ দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা। অর্থাৎ প্রযুক্তিগত দুর্বলতার পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং সচেতনতার অভাবও ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
গ্রাহকের পরিচয় যাচাইয়ের ব্যবস্থাতেও ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ঘাটতি। গবেষণায় অংশ নেওয়া ব্যাংকগুলোর ৭৮ শতাংশ ডিভাইসের সঙ্গে গ্রাহকের হিসাব যুক্ত রাখা এবং পুনরায় পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করে মাত্র ১৬ শতাংশ ব্যাংক।
অন্যদিকে, ৭৮ শতাংশ ব্যাংক অন্তত একটি তৃতীয় পক্ষের তৈরি অ্যাপ ব্যবহার করলেও মাত্র ৩৪ শতাংশ ব্যাংক এসব সেবাদাতার এপিআইয়ের নিরাপত্তাঝুঁকি নিয়মিত পর্যবেক্ষণ করে। এতে ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার বাইরের প্রযুক্তিগত সেবার ঝুঁকি নিয়ন্ত্রণেও দুর্বলতা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
সাইবার নিরাপত্তা জোরদারে আর্থিক ও জনবলসংক্রান্ত সীমাবদ্ধতাও ব্যাংকগুলোর বড় চ্যালেঞ্জ। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ৪৭ শতাংশ বাজেটের সীমাবদ্ধতাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। একই সংখ্যক ব্যাংক প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের কথা জানিয়েছে। এ ছাড়া ৩৮ শতাংশ ব্যাংক দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের সংকটের কথা তুলে ধরেছে।
বিআইবিএমের এ প্রাথমিক জরিপে অংশ নেয় ৩৪টি ব্যাংক। বর্ণনামূলক জরিপ, দলীয় আলোচনা, প্রাসঙ্গিক নীতিমালা পর্যালোচনা এবং দেশি-বিদেশি অভিজ্ঞতা বিশ্লেষণের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়। তবে গবেষণার ফলাফল অংশগ্রহণকারী ব্যাংকগুলোর নিজস্বভাবে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি। ফলে এটিকে পুরো ব্যাংকিং খাতের সামগ্রিক চিত্র কিংবা স্বাধীনভাবে নিরীক্ষিত ফলাফল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও পরামর্শ বিভাগের পরিচালক ও অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের প্রভাষক ফাহাদ আহমেদ। গবেষণা দলের অন্য সদস্য ছিলেন মো. শিহাব উদ্দিন খান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবুল কালাম আজাদ।
সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। এগুলো হলো- ব্যাংকগুলোর মধ্যে যৌথ নিরাপত্তা মহড়ার আয়োজন, জালিয়াতি প্রতিরোধে সহজ অভিযোগ জানানোর ব্যবস্থা ও শক্তিশালী গ্রাহক পরিচয় যাচাই এবং তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট জবাবদিহি প্রতিষ্ঠা।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, ডিজিটাল ব্যাংকিং ও গ্রাহকসেবা বিভাগের মধ্যে সমন্বয় করে নিয়মিত যৌথ মহড়ার আয়োজন করতে হবে। এতে নিরাপত্তা-সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে কোন বিভাগ সিদ্ধান্ত নেবে, কীভাবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং কখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, তা আগেই নির্ধারণ করা সম্ভব হবে।
ড. এজাজুল ইসলাম আরও বলেন, গ্রাহকদের সন্দেহজনক জালিয়াতির ঘটনা জানানোর প্রক্রিয়া সহজ করতে হবে। একই সঙ্গে লেনদেনের ঝুঁকির মাত্রা বিবেচনায় আরও শক্তিশালী পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা প্রয়োজন। অ্যাপের উন্নয়ন থেকে শুরু করে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে তৃতীয় পক্ষের সেবাদাতাদের নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব ও জবাবদিহি সুস্পষ্ট করতে হবে। এসব কার্যক্রম তদারকির জন্য ব্যাংকগুলোকে বিশেষায়িত দক্ষতা ও প্রয়োজনীয় জনবল গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি পরিমাপ করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট সূচক নির্ধারণ করতে হবে। যেমন- গ্রাহকের অভিযোগ পাওয়ার পর কত দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা মহড়ায় শনাক্ত হওয়া দুর্বলতার কত শতাংশ নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে, তা নিয়মিত পর্যালোচনা করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিভঙ্গি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের বাস্তব অভিজ্ঞতা ব্যাংকগুলোকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করতে পারে।
আলোচনায় নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন এবং সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান।
গবেষণার সামগ্রিক চিত্র বলছে, ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু তথ্য সংরক্ষণ বা প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা চালু রাখলেই হবে না। সাইবার হামলা মোকাবিলায় লিখিত ও পরীক্ষিত পরিকল্পনা, নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ, জালিয়াতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, তৃতীয় পক্ষের সেবাদাতাদের জবাবদিহি এবং দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। অন্যথায় ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারের সঙ্গে গ্রাহকের তথ্য ও অর্থের নিরাপত্তাঝুঁকিও বাড়তে পারে।
সূত্র: কালবেলা














