সংগৃহীত
বয়সটা ৪৪। আগামী জুলাইয়ে পা রাখবেন ৪৫ বছরে। তবু ক্রিকেটকে বিদায় বলার কোনো ইচ্ছা নেই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। ইংল্যান্ডের কিংবদন্তি পেসার এবার কাউন্টি ক্রিকেটে সারের হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
২০২৭ মৌসুমের জন্য সারের সঙ্গে চুক্তি করেছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি। ল্যাঙ্কাশায়ার নতুন চুক্তির প্রস্তাব না দেওয়ার পর একাধিক কাউন্টির আগ্রহ ছিল তাকে নিয়ে। শেষ পর্যন্ত দ্য ওভালের ক্লাবটিকেই বেছে নিয়েছেন ৪৪ বছর বয়সী এই পেসার।
নতুন দলের সঙ্গে যুক্ত হওয়ার পর অ্যান্ডারসন বলেন, আমি হয়তো আর ক্রিকেট খেলব না- এমনটিই ভেবেছিলাম। সেখান থেকে এই সুযোগ পাওয়া, বিষয়টি নিয়ে আমি সত্যিই দারুণ রোমাঞ্চিত।’
দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টেনে গত মাসে ল্যাঙ্কাশায়ার ছেড়েছেন অ্যান্ডারসন। ২০০১ সালে এই ক্লাবের হয়েই পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান তৃতীয়, আর পেসারদের মধ্যে তিনিই সবার ওপরে।
আন্তর্জাতিক ক্রিকেটে অ্যান্ডারসনের উইকেট ৯৯১টি, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ এবং পেস বোলারদের মধ্যেও রেকর্ড। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও কাউন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যান তিনি। গত মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ৫০ উইকেট নিয়েছিলেন এবং দলকে নেতৃত্বও দিয়েছেন।
সূত্র: ঢাকা পোষ্ট









