সংগৃহীত
বিমানে ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি (চ্যাটজিপিটি) ব্যবহার করে নিজের নতুন ব্যবসার পরিকল্পনা সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা ৭৭ বছর বয়সী ভিবিআর প্রসাদ। মূলত চ্যাটজিপিটির সাথে তার বিনয়ী আচরণ মন জয় করেছে নেটিজেনদের।
সম্প্রতি এক বিমানযাত্রায় পাশের আসনে বসা যাত্রী লক্ষ্য করেন, ভিবিআর প্রসাদ গভীর মনোযোগ দিয়ে চ্যাটজিপিটির সাথে কথা বলছেন এবং একটি ‘ভার্টিক্যাল ফার্মিং’ ব্যবসার পরিকল্পনা তৈরি করছেন। চ্যাটজিপিটির দেওয়া প্রতিটি পরামর্শের জবাবে প্রসাদ তাকে সম্মান জানিয়ে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করছিলেন।
তার একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়। চ্যাটজিপিটিকে লেখা একটি বার্তায় প্রসাদ লিখেছিলেন, চমৎকার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আবার আপনার কাছে ফিরে আসব, স্যার। আমাকে ফাইল দুটো ডাউনলোড করতে দিন, স্যার।
টেকনোসোর নামক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের এক ব্যবহারকারী বিমানের সেই মুহূর্তে প্রসাদের একটি ছবি ও কথোপকথনের বিবরণ পোস্ট করেন। পোস্টটি করার পর মুহূর্তের মধ্যেই তা লাখ লাখ মানুষের নজর কাড়ে এবং ইন্টারনেটে প্রশংসার জোয়ারে ভাসে। পোস্টদাতা জানান, পুরো যাত্রাপথে প্রসাদ অত্যন্ত মনোযোগী ছিলেন এবং পরবর্তীতে তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
প্রবীণ এই বয়সেও নতুন প্রযুক্তিকে সহজভাবে গ্রহণ করার জন্য তার প্রশংসা করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। একই সাথে অনেকেই মজার ছলে মন্তব্য করেছেন যে, ভবিষ্যতে এআই যদি কখনো পৃথিবী নিয়ন্ত্রণও করে, তাহলেও প্রসাদের এই মার্জিত ও বিনয়ী ব্যবহারের কারণে তিনি নিরাপদ থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভিবিআর প্রসাদ নিজেই এক্সে এর প্রতিক্রিয়া জানিয়ে একটি বার্তা পোস্ট করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কল্যাণের জন্য এআই প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।
সূত্র: ঢাকা পোষ্ট













