শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ইটভাটার তাপে ৪৩ বিঘা ধান নষ্ট

ইটভাটার তাপে ৪৩ বিঘা ধান নষ্ট

সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ইটভাটার নির্গত তাপ ও বিষাক্ত ধোঁয়ায় ধানসহ কয়েকশ বিঘা জমির ফসল পুড়ে নষ্ট হয়েছে। এর প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কয়েকশ ভুক্তভোগী।

অভিযোগ থেকে জানা গেছে, খামারগাঁতী এলাকায় কৃষিজমির ওপর ‘মেসার্স লামিয়া হাই চয়েস ব্রিক্স’ নামে ইটভাটা স্থাপন করা হয়। সেই ভাটার চিমনি দিয়ে বের হওয়া প্রচণ্ড তাপ ও বিষাক্ত ধোঁয়ায় আশপাশের প্রায় ৪৩ বিঘা জমির ধান সাদা হয়ে শুকিয়ে গেছে। এতে অন্তত ৭২ জন কৃষকের চলতি মৌসুমের ফসল ঘরে তোলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। শুধু ধান নয়, ভাটার প্রভাবে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ এবং শীতকালীন সবজি ক্ষেতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খামারগাঁতী গ্রামের ভুক্তভোগী কৃষক মো. নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা হাড়ভাঙা খাটুনি দিয়ে ফসল ফলাই। কিন্তু ইটভাটার আগুনের তাপে চোখের সামনে কষ্টের ধান পুড়ে খড় হয়ে গেল। বারবার অভিযোগ করেও আমরা কোনো সুরাহা পাইনি। এখন আমাদের পরিবার নিয়ে পথে বসার দশা।’

বক্তারা অভিযোগ করেন, লোকালয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এই ভাটার কারণে পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে ভাটাসংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছে। অবিলম্বে এই অবৈধ ইটভাটা বন্ধ এবং কৃষকদের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষকদের আশ্বস্ত করেন। তিনি বলেন, কৃষকদের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের দেওয়া হবে। এ ছাড়া অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কর্মসূচি শেষে কৃষকরা দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পেশ করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন