মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’, অভিযোগ নাসুমের

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’, অভিযোগ নাসুমের

সংগৃহীত

গত বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে পুরো মৌসুমে খেলেছেন নাসুম আহমেদ। ১২ ম্যাচ খেলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট নেন তিনি। তার দারুণ পারফরম্যান্সে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত খেলে সিলেট। কিন্তু দলকে সাফল্য এনে দিয়েও হতাশ হতে হয়েছে নাসুমকে। এখনো তিনি পারিশ্রমিকের ৩৫ লাখ টাকা পাননি বলে দাবি করছেন এই স্পিনার।

কিছু দিন আগে প্রথমবার যখন গণমাধ্যমে এ বিষয়টি উঠে এসেছিল তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল সিলেট। ফ্র্যাঞ্চাইজিটি দাবি করেছিল, নাসুমকে পাওনা সকল টাকা তারা বুঝিয়ে দিয়েছে। এবং নাসুম যে দাবি করছেন সেটা অযৌক্তিক।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট বলেছিল, 'বিপিএল ২০২৫-২০২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা হয়েছে। নির্ধারিত চুক্তি অনুযায়ী, ক্রিকেটার নাসুম আহমেদের মোট পাওনা ছিল ৩৫ লক্ষ টাকা (বি-ক্যাটাগরি), যার সম্পূর্ণ অংশ সিলেট টাইটান্স ইতিমধ্যে পরিশোধ করেছে। বর্তমান প্রেক্ষাপটে উক্ত ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের নিকট অবশিষ্ট নেই।'

তবে আজকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট করেছেন নাসুম। যেখানে ৩৫ লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে আরো ৩৫ লাখ টাকা তার পাওনা আছে বলে দাবি করছেন এই ক্রিকেটার। প্রমাণ হিসেবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো একটি চুক্তি পত্রও দেখিয়েছেন তিনি। যেখানে ৭০ লাখ টাকায় তার সঙ্গে চুক্তির কথা উল্লেখ্য আছে।

নাসুম লিখেছেন, 'হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।'

সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ফাহিম আল চৌধুরীকে সামনে এনে নাসুম লিখেছেন, 'ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন-আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন-সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।'

'ভাই, আমার টাকাগুলো যেন পাই-এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।'-যোগ করেন তিনি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন