সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে শান্তি, সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সহাবস্থান করার নির্দেশনা পেয়েছেন।
তিনি বলেন, আমরা সরকারের এই ৩১ দফার ম্যানিফেস্টো সর্বান্তঃকরণে মেনে চলব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না।
রোববার রাতে রাজধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দিয়ে পূজা ও প্রার্থনা শেষে উপস্থিত ভিক্ষু-ভান্তে ও ভক্তবৃন্দের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বর্তমান সরকার ও দেশের মানুষের মঙ্গল কামনায় আয়োজিত প্রার্থনায় অংশ নেন।
বৌদ্ধ ধর্মের মূল বাণী ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, আমাদের পবিত্র বৌদ্ধ ধর্ম পাহাড় ও সমতলকে এক করেছে। আমাদের মাঝে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হোক। ভিক্ষু ভান্তেদের এই প্রার্থনা আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা সকলে মিলে দেশ ও জনগণের কল্যাণে এবং দেশের উন্নতি কামনায় সরকারের কাজে নিয়োজিত থাকব। জগতের সকল প্রাণী সুখী হোক।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসার দীর্ঘদিনের ইচ্ছার কথা ব্যক্ত করে মন্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিশেষ এই প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী চাকমা, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি সরুপানন্দ ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দমিত্র ভান্তে, ধর্মানন্দ ভান্তে, কল্যাণ জ্যোতি ভিক্ষুসহ সংগঠনের মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানসমুকুর চাকমা, সুভাষ চন্দ্র চাকমা, রনজিত কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুশীল বড়ুয়া, পার্থ প্রতীম বড়ুয়া অপুসহ বিভিন্ন স্তরের ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তবৃন্দ।
এমএসএ
সূত্র: ঢাকা পোষ্ট










