সংগৃহীত
পার্থে স্থানীয় সময় বিকেল পাঁচটায় নারী এশিয়া কাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের আট ঘণ্টা আগেও অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ স্থানীয় সময় সকাল নয়টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে আধ ঘন্টা অনুশীলন হয়।
সাধারণত ম্যাচের দিন অনুশীলন হয় না। আজ ম্যাচের আগেও অনুশীলন করেছেন ঋতুপর্ণারা। অবশ্য পুরোদস্তুর অনুশীলন নয়, স্ট্রেচিং ও হালকা পাসিং হয়েছে মিনিট বিশেক। খেলার দিন এই অনুশীলন ফুটবলারদের ক্লান্তি বয়ে আনে কিনা সেটাও দেখার বিষয়।
পার্থে তাপমাত্রা সিডনির চেয়ে বেশি। বিশেষ করে সকাল নয়টার পর চল্লিশের কাছাকাছি থাকে। আধ ঘণ্টার মতো অনুশীলন করে হোটেলে ফিরে আবার ভিডিও অ্যানালাইসিস সেশন রয়েছে। ম্যাচের দিন শারীরিক ও মানসিকভাবে বেশ ব্যস্ততার মধ্যেই থাকছেন ফুটবলাররা।
বাংলাদেশের নারী ফুটবলে ম্যাচের দিন অনুশীলন একেবারে নতুন কিছু নয়। ২০১৭ সালে থাইল্যান্ডে সানজিদা-কৃষ্ণারা প্রথমবারের মতো এএফসি অ-১৬ টুর্নামেন্টের মূল পর্বে খেলেছিল। ওই টুর্নামেন্টে প্রথম ম্যাচের দিন তৎকালীন বাফুফের ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি সকালে খেলার আগে অনুশীলন করান। ম্যাচে এর বাজে প্রভাব পড়ায় পরবর্তীতে আর এমনটা হতে দেখা যায়নি।
সূত্র: ঢাকা পোষ্ট












.jpg)
