মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

‘বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎ-সংস্কারের এখনই সময়’ কর্মশালা এমটিবির

‘বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎ-সংস্কারের এখনই সময়’ কর্মশালা এমটিবির

সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে এমএনসি ব্যাংকিং ডিপার্টমেন্টের সহযোগিতায় ‘বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ভবিষ্যৎ-সংস্কারের এখনই সময়’ শীর্ষক একটি কর্মশালা সফলভাবে আয়োজন করেছে। 

গত ৮ এপ্রিল অনুষ্ঠিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়িক নেতারাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, বে গ্রুপ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের সদস্য)। তিনি ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি)। তিনি বিদেশি বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।

কর্মশালায় প্রখ্যাত চীনা বিনিয়োগকারী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। তারা নীতিগত সংস্কার, বিনিয়োগ সহায়তা এবং বাংলাদেশের উদীয়মান সম্ভাবনা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন।

সূত্র: ঢাকা পোষ্ট