মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম দেখলেন নির্বাহী পরিচালক

সাতক্ষীরায় ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম দেখলেন নির্বাহী পরিচালক

সংগৃহীত

সাতক্ষীরা জেলায় পরিবেশ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক ও জলবায়ু সহনশীল প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।

সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী তিনি সাতক্ষীরা জেলার ‘ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিস’ এবং ‘রিচ’প্রকল্পের অফিস ও মাঠ পর্যায়ের কার্যক্রমসমূহ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইএসডিও’র হেড অব প্ল্যানিং অ্যান্ড ডিআরআর মো. মশিউর রহমান এবং হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড ফাইন্যান্স কন্ট্রোলার মো. জিল্লুর রহমান।

সরেজমিনে পরিদর্শনকালে ড. মুহাম্মদ শহীদ উজ জামান ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের সংস্কার কার্যক্রম এবং গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্সের কার্যক্রম দেখেন। এছাড়াও তিনি শ্রীকলস পিএসএফ প্ল্যান্ট এবং সোদকনা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট পরিদর্শন করেন। সুপেয় পানির সংকট নিরসনে এসব প্ল্যান্টের কার্যকারিতা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মাঠ পর্যায় পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেনসহ বারসিক, রূপান্তর, আইডিয়াল, ব্র্যাক ও নাজারিন মিশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনের শেষভাগে তিনি ইএসডিও’র নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা এবং রিচ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. মাসুকুল হক মাসুক স্ব-স্ব প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।

পরিদর্শন শেষে ড. মুহাম্মদ শহীদ উজ জামান জানান, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ইএসডিও তার কার্যক্রম আরও জোরদার করবে। এই সফরের মাধ্যমে জেলাটিতে ইএসডিও’র স্থায়ী অফিস স্থাপন এবং সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট