সংগৃহীত
আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এস এম কামাল উদ্দিন, সেক্রেটারি পদপ্রার্থী আবু বক্করসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা।
বক্তারা বলেন, ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আশঙ্কা প্রকাশ করেন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি-না।
এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে নির্বাচনের জন্য গঠিত কমিশন দুই প্যানেলের সমানসংখ্যক সদস্য দিয়ে গঠন করার নিয়ম সেখানে বিএনপি শুধু তাদের প্যানেলের এবং তাদের দলীয় আইনজীবীদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। পাশাপাশি পক্ষপাতিত্ব করা হচ্ছে।
তারা আরও বলেন, দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা বন্ধ না হলে আইনজীবীরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য হবে।
সূত্র: ঢাকা পোষ্ট














.webp)