সংগৃহীত
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বেপরোয়া পিকআপের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। রোববার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে মহাসড়কের উখিয়া উপজেলা অংশের ব্যস্ততম কোটবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ রবিউল ইসলাম (২২), মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোক্তার হোছাইনের ছেলে। তিনি সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নির্মাণ শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, পিকআপটি কোটবাজার মধ্যম স্টেশন এলাকা অতিক্রমের সময় মাথায় সিমেন্টের ঢালা নিয়ে রাস্তা পার হতে থাকা রবিউলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রবিউলকে উদ্ধারের পর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে পিছু নিয়ে ঘাতক পিকআপটিকে আটকানোর চেষ্টা করে স্থানীয় জনতা। কোটবাজার থেকে ৫ কিলোমিটার অদূরে উখিয়া থানা ফটকের সামনে ব্যারিকেড দেওয়া হলে অন্তত চারটি যানবাহন (সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা) দুমড়েমুচড়ে দিয়ে পিকআপটি টেকনাফ অভিমুখে ছুটতে থাকে।
অবশেষে রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন থেকে পিকআপটি আটক করা গেলেও পালিয়ে যায় বেপরোয়া সেই চালক।
উখিয়া সদরের দোকানদার আমিন শরীফ বলেন, জীবনেও এমন ঘটনা দেখিনি, পিকআপটি খুব দ্রুত গতিতে পালিয়েছে। দেখে মনে হচ্ছিল সামনে যদি লোকজন দাঁড়াতো তাহলে তাদেরকেও পিষে দিত।
কোটবাজার এলাকার যুবক মোহাম্মদ হারুন বলেন, দুর্ঘটনার পরপরই আমি ও আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নিই। রাস্তায় একপ্রকার তান্ডব চালিয়েছে তরমুজ পরিবহন করা সেই পিকআপ, সামনে যা পেয়েছে দুমড়েমুচড়ে দিয়েছে।
শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পিকআপটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: ঢাকা পোষ্ট












