সংগৃহীত
চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে নদীতে গোসল করতে যান। আছরের আগে তিনি না আসায় নদীর পাড়ে যাই। সেখানে গিয়ে দেখি, নদীর পাড়ে তার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও তাকে খুঁজে পাইনি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানাই।
এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, বিষয়টি নৌ ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশনে জানানো হয়। সেখান থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। মডেল থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫ টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আগামীকাল রোববার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।
সূত্র: ঢাকা পোষ্ট


.webp)
.webp)

.webp)





