সংগৃহীত
চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ৪০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩৪ হাজার ৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
রোববার (২৫ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিসংখ্যানে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে আজ অংশগ্রহণ করেছে ১১ লাখ ৯২ হাজার ৭৪৭ জন। অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী। অনুপস্থিতির গড় হার ১ দশমিক ২৯ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ২১ জন শিক্ষার্থী।
বোর্ডভিত্তিক অনুপস্থিতির চিত্রে দেখা যায়, ঢাকা বোর্ডে ৩ হাজার ৫৯৯ জন, রাজশাহীতে ২ হাজার ৫৯ জন, কুমিল্লায় ১ হাজার ৪১৯ জন, যশোরে ১ হাজার ৯৭৭ জন, চট্টগ্রামে ১ হাজার ৫৬৬ জন, সিলেটে ৮৩১ জন, বরিশালে ১ হাজার ৪৭৩ জন, দিনাজপুরে ১ হাজার ৫৮৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
আর শতাংশের হিসেবে বরিশাল বোর্ডে সর্বোচ্চ ১ দশমিক ৯৯ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে সর্বনিম্ন ১ দশমিক ০৫ শতাংশ অনুপস্থিতির খবর পাওয়া গেছে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গণিত (১০৮) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৩ হাজার ৭২ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে ২ লাখ ৬৮ হাজার ১০৯ জন। অনুপস্থিত ছিল ১৪ হাজার ৯৬৩ জন এবং ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই বোর্ডে অনুপস্থিতির হার ছিল সর্বোচ্চ ৫ দশমিক ২৯ শতাংশ।
অন্যদিকে, কারিগরি বোর্ডের অধীনে গণিত-২ পরীক্ষায় ১ লাখ ২৫ হাজার ৫৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ২২ হাজার ৮৯ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯২ জন এবং বহিষ্কৃত হয়েছে ৪ জন শিক্ষার্থী। এখানে অনুপস্থিতির হার ২ দশমিক ৭৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের ৯টি কেন্দ্রেও আজ পরীক্ষা নেওয়া হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)
.webp)

.webp)






.webp)