বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

হরিজন সম্প্রদায়ের মেয়ের বিয়েতে উপহার নিয়ে হাজির গাজীপুরের ডিসি

হরিজন সম্প্রদায়ের মেয়ের বিয়েতে উপহার নিয়ে হাজির গাজীপুরের ডিসি

সংগৃহীত

গাজীপুরের হরিজন (সুইপার) সম্প্রদায়ের মা-হারা এক মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপহার নিয়ে হাজির হয়ে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। শনিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার এমন উপস্থিতিকে স্থানীয়রা মানবিকতা ও সামাজিক সমতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

কনের নাম শ্রীমতী প্রীতি রানী বাসফোর। তার বাবা শ্রী রতন বাসফোর গাজীপুর মহানগরের বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের একজন কর্মী এবং দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রয়াত স্ত্রীও গাজীপুরের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নানা প্রতিকূলতার মধ্যেও পরিবারটি তাদের মেয়েকে শিক্ষিত করে তুলেছে। প্রীতি রানী বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপস্থিতিতে বর-কনের পরিবারসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও আবেগের পরিবেশ তৈরি হয়। অনেকেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ, পেশা বা পরিচয় নির্বিশেষে সবাই সমান। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। কোনো পেশাই ছোট বা অবমাননাকর নয়। আমরা একটি সমতা ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি।

স্থানীয়রা জানান, সামাজিকভাবে পিছিয়ে থাকা একটি সম্প্রদায়ের পারিবারিক অনুষ্ঠানে উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতি সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে এবং মানবিক সংহতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

সূত্র: ঢাকা পোষ্ট