সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিলানীর টেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল, যা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। এ সময় মাটি ব্যবসায়ীরা ভবিষ্যতে স্কেভেটর ব্যবহার করে মাটি কাটার কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কৃষিজমির টপ সয়েল বা উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা একটি গুরুতর অপরাধ, যা কৃষি উৎপাদন, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, প্রশাসন নিয়মিতভাবে এসব অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট












