সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় নাজির খান (৫৭) নামে একজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত নাজির খান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজারসহ মূলহোতা নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খান নামে একজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে তারা আর কখনো বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা নিয়ে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট












