সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দায় চলতি পাট ও ইরি ধান মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য কৃষকদের ডিজেল সংগ্রহে এলাকাভিত্তিক চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করে দিয়েছে নগরকান্দা উপজেলা প্রশাসন।
নির্ধারিত ফিলিং স্টেশন থেকে সুশৃঙ্খলভাবে নগরকান্দা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামের সেচ পাম্প ও পাওয়ার টিলার মালিক এবং কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে কৃষকদের ভোগান্তি অনেকটা কমে যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
গতকাল রবিবার (৫ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ চারটি ফিলিং স্টেশন হলো- উপজেলার জয়বাংলা মোড়ে মেসার্স মুন্সি ফিলিং স্টেশন, উপজেলা সদরের মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন, তালমা মোড়ের মেসার্স মজিদ ফিলিং স্টেশন ও মহিলা রোডের মেসার্স তোফাজ্জউদ্দীন ফিলিং স্টেশন।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরকান্দার কৃষকদের জ্বালানি তেল সংগ্রহের জন্য এই চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উপজেলার জয়বাংলা মোড়ের মেসার্স মুন্সি ফিলিং স্টেশন থেকে চরযশোরদী, পুরাপাড়া ও কাইচাইল ইউনিয়নের প্রতিটি গ্রামের কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।
উপজেলা সদরের মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে নগরকান্দা পৌরসভা, কোদালিয়া শহীদনগর ও ফুলসুতি ইউনিয়নের কৃষকরা তেল সংগ্রহ করবেন।
তালমা মোড় এলাকার মেসার্স মজিদ ফিলিং স্টেশন থেকে লস্করদিয়া ও তালমা ইউনিয়নের কৃষকরা তেল পাবেন এবং মহিলা রোড এলাকার মেসার্স তোফাজ্জউদ্দীন ফিলিং স্টেশন থেকে রামনগর ও ডাঙ্গী ইউনিয়নের কৃষকরা তেল নেবেন।
এসব ফিলিং স্টেশন ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ফরিদপুর-জয়বাংলা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত। এ ফিলিং স্টেশনগুলো থেকে কৃষকদের জ্বালানি তেল সংগ্রহ করে জমিতে নিয়ে যাওয়া অত্যন্ত সহজ হবে।
ইউএনও আরও বলেন, কৃষকদের সুবিধার্থে এই তালিকাটি প্রতিটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে বড় আকারে ব্যানার টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি তেল সংগ্রহের সময় ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে বাঁশের লাইন তৈরি নিশ্চিত করতে বলা হয়েছে।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্ধারিত ফিলিং স্টেশনের জন্য নির্ধারিত ট্যাগ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কর্মকর্তারা ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুত ও কৃষকদের চাহিদার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)










