মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপ জয়ের রাতেই জোড়া লক্ষ্য ঠিক করলেন সূর্যকুমার

বিশ্বকাপ জয়ের রাতেই জোড়া লক্ষ্য ঠিক করলেন সূর্যকুমার

সংগৃহীত

সাফল্যের ক্ষুধা কমার নয়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত রেকর্ড গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে মেন ইন ব্লুরা। গতকাল (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ট্রফি হাতে নিয়েছে ভারত। এই ঐতিহাসিক অর্জনের পর নতুন লক্ষ্য ঠিক করে ফেলেছেন অধিনায়ক সূর্যকুমার, তাও একটি নয়– দুটি!

ভারতের ক্যাপ্টেনের পরবর্তী লক্ষ্য অলিম্পিক স্বর্ণ জয়। ২০২৮ সালের আগস্টে লস অ্যাঞ্জেলসের অলিম্পিকে ক্রিকেট ফিরছে। ক্রিকেটে এশিয়া থেকে ভারত এই আসরে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে। সেখানে এবার সোনার পদক গলায় ঝুলাতে চান সূর্য। একই বছর অলিম্পিক শেষ হওয়ার মাস দুয়েক পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আহমেদাবাদে এদিন সংবাদ সম্মেলনে তিলধারণের জায়গা ছিল না। সেখানেই ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণা দিলেন সূর্যকুমার, ‘পরের লক্ষ্য হলো অলিম্পিক। ওই বছর অলিম্পিক স্বর্ণ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। সবাই মনে রাখবেন।’

শেষ এক মাসের যাত্রা নিয়ে তার কথা, ‘অবশ্যই গত এক মাসের এই যাত্রা ছিল দারুণ, যদিও আমরা আমাদের মনের মতো শুরু করতে পারিনি। কিন্তু এটা খেলার অংশ। আজ পর্যন্ত এই পুরো যাত্রাটা ছিল অত্যন্ত বিশেষ কিছু এবং দলগতভাবে আমরা যা অর্জন করেছি, তা আজ আপনাদের চোখের সামনেই (ট্রফি) রয়েছে। আমি এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। আমাদের পরবর্তী লক্ষ্য হলো অলিম্পিক সোনা জয় এবং এই দলের সাথেই।’

ভারত বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাধারী। সূর্যকুমার বললেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল দলের জন্য টার্নিং পয়েন্ট। তিনি বলে গেলেন, ‘২০২৪-এর পরে সবকিছু পাল্টে গেছে। আমরা ২০২৪ সালে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম। সেখান থেকে আমরা বুঝেছি কীভাবে এই দলকে সামনে এগিয়ে যেতে হবে, উন্নতি করতে হবে। তারপর থেকে আমাদের যাত্রা ছিল চমৎকার। আমরা ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম, একেবারে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি এবং এখন ২০২৬ এ, আমাদের ঘরের দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমরা এটা করেই যাব, ২০২৭, ২০২৮, ২০২৯-এ এবং কখনো থামব না।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: