সংগৃহীত
চলতি আইপিএলের প্লে-অফ আগেই নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল (শুক্রবার) তারা শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে লিগপর্বের শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে হায়দরাবাদ দলগতভাবে বেশ কয়েকটি রেকর্ড এবং বিরাট কোহলি ব্যক্তিগত কীর্তিতে লিখেছেন নিজের নাম।
ম্যাচটিতে ৫৫ রানে হারলেও শীর্ষে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করল বেঙ্গালুরু। আর হায়দরাবাদের অবস্থান তৃতীয়। দুইয়ে গুজরাট টাইটান্স। এদিন হায়দরাবাদে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা বেঙ্গালুরুকে ২৫৬ রানের লক্ষ্য দেয়। হায়দরাবাদের পক্ষে ইশান কিষাণ ৪৬ বলে সর্বোচ্চ ৭৯, অভিষেক শর্মা ২২ বলে ৫৬ এবং হেইনরিখ ক্লাসেন ২৪ বলে ৫১ রান করেন। বেঙ্গালুরুর রাসিখ সালাম দার নেন ২ উইকেট।
বিপরীতে লক্ষ্য তাড়ায় নেমে বেঙ্গালুরু ৪ উইকেট হারিয়ে ২০০ রান তুলতে পেরেছে। তাদের পক্ষে অধিনায়ক রজত পাতিদার ৩৯ বলে ৫৬, ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ৪৪ এবং ৩১ বলে ৪১ রান করেন ক্রুনাল পান্ডিয়া। হায়দরাবাদের এহসান মালিঙ্গা ২ উইকেট শিকার করেছেন।
এদিন ব্যক্তিগত ইনিংস বড় করতে না পারলেও একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন বেঙ্গালুরুর ভারতীয় তারকা কোহলি। ১১ বলে ১৫ রানের ইনিংস খেলার পথে ভেঙ্কটেশের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। যদিও সেখানে একাই ৪৪ রান করেন ভেঙ্কটেশ। এ নিয়ে টি-টোয়েন্টিতে ২১১ ম্যাচে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়লেন কোহলি। এমন ২১০টি জুটিতে নাম আছে সাবেক ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের। এই তালিকায় যথাক্রমে আছেন ডেভিড ওয়ার্নার (২০০), বাবর আজম (১৯৬) ও ক্রিস গেইল (১৯১)।
এদিকে, হায়দরাবাদ আইপিএলের গত কয়েকটি আসরে কেমন তাণ্ডব চালাচ্ছে সেটি পুরোনো তথ্য। গতকালের ম্যাচ দিয়ে তারা মোট ৬ বার ২৫০–এর বেশি রানের দলীয় সংগ্রহ গড়ে। তাদের ধারেকাছে নেই আর কারও। ৩ বার করে ২৫০+ রান করেছে পাঞ্জাব কিংস ও বেঙ্গালুরু। এক আসরে সর্বোচ্চ ২০০+ দলীয় রানেও সবার উপরে হায়দরাবাদ। চলতি আইপিএলের ৯ ম্যাচেই তারা এই কীর্তি গড়েছে। এর আগে এক আসরে ৮ বার করে ২০০+ রান তোলার নজির রয়েছে তিন দলের।
এ ছাড়া এখন পর্যন্ত হায়দরাবাদ যেসব ম্যাচে ২২০–এর বেশি লক্ষ্য দিয়েছে প্রতিবারই তারা ম্যাচ জিতেছে। আগে ব্যাট করতে নেমে ১২টি ম্যাচে ন্যূনতম ২২০ রান করে প্রতিটিতেই জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকালের ম্যাচে বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বর কুমার ৫০+ রান খরচ করেছেন, যা আইপিএলে এ নিয়ে ৯ বার এত রান খরচের সর্বোচ্চ রেকর্ড। সমান ৯ বার ৫০+ রান দিয়েছেন মোহাম্মদ শামিও। অন্যদিকে, চার অথবা আরও নিচের পজিশনে ব্যাটিংয়ে নেমে আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ক্লাসেন (৬০৬)। এই রেকর্ডটি আগে ঋষভ পান্তের (৫৭৯) দখলে ছিল।
সূত্র: ঢাকা পোষ্ট




.webp)






.webp)

.webp)
.webp)