সংগৃহীত
বার্সেলোনাকে টানা দুটি লা লিগা শিরোপা জেতানোর পর কোচ হান্সি ফ্লিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ক্লাব। ২০২৮ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন জার্মান কোচ।
বার্সার সঙ্গে ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত ছিল। কিন্তু ২০২৯ সাল পর্যন্ত থাকার সুযোগ রাখাসহ আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি।
ফ্লিক বলেছেন, ‘আমি এতে খুশি। আমরা ২০২৮ সাল পর্যন্ত যেতে পারব এবং তারপর দেখব: যদি সবকিছু ঠিক থাকে, আরও এক বছর বেশি থাকার সিদ্ধান্ত নেব আমরা। ক্লাবের অধিকার আছে, আমারও অধিকার আছে। এটা সত্যিই ভালো চুক্তি। আমি জানি আমি এখানে সঠিক জায়গাতে আছি।’
২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়া ফ্লিক আগে বলেছিলেন, কোচ হিসেবে বার্সেলোনাতেই তার শেষ। ইতোমধ্যে ছয়টি ঘরোয়া ট্রফির পাঁচটি জিতেছে তার দল।
প্রথম মৌসুমে বার্সাকে ট্রেবল জেতান ৬১ বছর বয়সী কোচ। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতে কাতালানরা। এই মৌসুমে লা লিগা ও সুপার কাপ জিতলেও কোপা দেল রেতে সেমিফাইনালে পরাজিত হয় অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে।
ফ্লিকের বার্সার একমাত্র অপ্রাপ্তি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ২০১৫ সালে জুভেন্টাসকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেনি তারা। গত বছর ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে হেরেছিল। এবার কোয়ার্টার ফাইনালে ছিটকে গেছে অ্যাতলেটিকোর কাছে হেরে।
ফ্লিক এই অপ্রাপ্তি ঘুচাতে চান, ‘(নতুন চুক্তি) আমাদের জন্য বড় অঙ্গীকার, যেটা আমাদেরকে এই মৌসুমের চেয়েও কঠিন পরিশ্রম করতে, এই দলের সঙ্গে সেরা অবস্থায় পৌঁছানোর চেষ্টা করতে ও পৌঁছাতে এবং শিরোপা জিততে সাহায্য করবে। বার্সেলোনার জন্য এটা স্বাভাবিক এবং আমি জানি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চমৎকার স্বপ্ন সবাই দেখে। আমরা চেষ্টা করেছিলাম, আবারও চেষ্টা করব।’
সূত্র: ঢাকা পোষ্ট











.webp)
.webp)

