বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

‘কাম অন ইউ আয়রনস’—ওয়েস্ট হ্যামের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় গার্দিওলা

‘কাম অন ইউ আয়রনস’—ওয়েস্ট হ্যামের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় গার্দিওলা

সংগৃহীত

দুই ম্যাচ আগেও ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ম্যানসিটি। কিন্তু এভারটনের বিপক্ষে ড্রয়ে বদলে গেছে চিত্র। শিরোপার নিয়ন্ত্রণ এখন আর তাদের হাতে নেই। অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, বিশেষ করে আর্সেনালের প্রতিপক্ষের কাছ থেকে চমক দেখার অপেক্ষায় তারা।

গতকাল (শনিবার) ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে শিরোপার দৌড়ে টিকে থাকল ম্যানসিটি। তিন ম্যাচ হাতে রেখে শীর্ষ দল আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান দুই পয়েন্টের। আজ (রোববার) আর্সেনালকে স্বাগত জানাবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় পেপ গার্দিওলার দল। গানাররা একটি হোঁচট খেলেই শিরোপার লড়াইয়ে আবার শক্ত অবস্থানে ফিরবে তারা।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ জেতার পর গার্দিওলা সংবাদ সম্মেলন শেষ করলেন একটু অন্যভাবে। দুই হাত আড়াআড়িভাবে উঁচু করলেন, চিৎকার করে বলে উঠলেন, ‘কাম অন ইউ আয়ারনস’। আজ ওয়েস্ট হ্যাম যে ম্যানচেস্টার ক্লাবের সমর্থন পাবে, তা বলার অপেক্ষা রাখে না। তার আগে ক্লাবটির সমর্থকদের ব্যবহৃত উদ্দীপনামূলক স্লোগান দিলেন স্প্যানিশ কোচ।

শিরোপার লড়াইয়ে ম্যানসিটি কোন অবস্থায় আছে, জানতে চাইলে গার্দিওলা বললেন, ‘আমরা এমন একটি দলের সঙ্গে লড়ছি যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে কোনো ম্যাচ না হেরে এবং প্রায় পুরো লিগ মৌসুমে তারা শীর্ষে। এটা এখন আর আমাদের হাতে নেই। এটা নির্ভর করছে তাদের পয়েন্ট হারানোর ওপর। আমার এটা খুব ভালো লাগছে। আবার এখানে (শিরোপার দৌড়ে) থাকতে পেরে আমি আনন্দিত।’

ব্রেন্টফোর্ডকে হারানোর পর সিটির খেলা রয়েছে ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর্সেনাল খেলবে ওয়েস্ট হ্যাম, বার্নলি ও প্যালেসের বিপক্ষে। প্যালেস ও বোর্নমাউথ ম্যাচের মধ্যে চেলসির বিপক্ষে এফএ কাপ ফাইনাল রয়েছে সিটির। আগামী ১৪ দিনে মোট চারটি ম্যাচ খেলতে হবে তাদের।

এনিয়ে ভাবতে চান না গার্দিওলা, ‘আমরা যেটা করতে পারি, বুধবার (প্যালেসের বিপক্ষে) তাদের বিপক্ষে জেতা, তারপর এফএ কাপের ফাইনালে খেলা এবং পরে বোর্নমাউথ, যেখানে খেলতে যাওয়া সহজ হবে না, এরপর অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ। সূচিটা বেশ কঠিন। মাত্র দুই সপ্তাহ, তারপর মৌসুম শেষ হবে।’

গার্দিওলা এই সংবাদ সম্মেলন শেষ করলেন ওয়েস্ট হ্যামের জন্য উদ্দীপনামূলক স্লোগানে, ‘কাম অন ইউ আয়রনস’। স্প্যানিশ কোচের এই স্লোগান হ্যামারদের কতটা উজ্জীবিত করে এখন সেটাই দেখার বিষয়। আর্সেনাল শেষ দুইবার ওয়েস্ট হ্যামের মাঠে ১১ গোল করেছিল, খেয়েছিল মাত্র দুটি গোল। এই ধারা রেলিগেশনে থাকা নুনো এস্পিরিতো সান্তোর দল ভাঙতে পারলে গার্দিওলার চেয়ে বেশি খুশি আর কেউ হয়তো হবেন না।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন