সংগৃহীত
সব প্রতিযোগিতা মিলে আগের পাঁচ ম্যাচে মাত্র একটি জয়। সবশেষ বার্সেলোনার কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের সামনে সুযোগ ছিল পাঁচ বছর পর কোনো ট্রফি ঘরে তোলার। গতকাল (শনিবার) সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ডিয়েগো সিমিওনের দল।
অ্যাতলেটিকোকে বিপর্যস্ত করে চতুর্থবার কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ। ২০১৩ সালের পর প্রথমবার কাপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল মাদ্রিদের সামনে। তাদের ১১তম কোপা দেল রে ট্রফির স্বপ্ন ভেঙে দিয়ে ছয় বছর পর এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো সোসিয়েদাদ।
সেভিয়েতে এক্সট্রা টাইমের খেলা শেষে ম্যাচ ২-২ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় চ্যাম্পিয়ন। সোসিয়েদাদ গোলকিপার উনাই মারেরো অ্যাতলেটিকো স্ট্রাইকার আলেক্সান্দার সরলথ ও জুলিয়ান আলভারেজকে রুখে দেন। তারপর পাবলো মারিন উঁচু শটে জয়সূচক পেনাল্টিতে উন্মাদনায় মাতান দর্শকদের।
এই জয়ে সান সেবাস্তিয়ানের দল ২০২০ সালের পর প্রথম কোপা দেল রে ট্রফি জিতল। আর নিউজার্সিতে জন্ম নেওয়া প্রধান কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জো যুক্তরাষ্ট্রের প্রথম কোচ হিসেবে ইউরোপের বড় পাঁচ লিগের কোনো একটিতে বড় ট্রফি জিতলেন।
কিক অফের ১৪ সেকেন্ড যেতেই অ্যান্ডার বারেনেটজিয়া সোসিয়েদাদকে এগিয়ে দেন, যা ছিল কোপা দেল রে ফাইনালের দ্রুততম গোল। ১৮তম মিনিটে আদেমোলা লুকমান সমতা ফেরান। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে মিকেল ওয়ারাজাবালের পেনাল্টিতে সোসিয়েদাদ জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু আলভারেজ নির্ধারিত সময়ে সাত মিনিট বাকি থাকতে সমতা ফেরান।
ডিসেম্বরে সোসিয়েদাদের দায়িত্ব নেন মাতারাজ্জো। তখন স্প্যানিশ লিগে দলটি রেলিগেশন জোন থেকে দুই পয়েন্ট উপরে ছিল। চার মাস পর ক্লাবটি কাপ জিতল এবং লা লিগা টেবিলের মাঝামাঝি স্থানে।
সূত্র: ঢাকা পোষ্ট












