শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ম্যানসিটিকে হারিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করবে আর্সেনাল

ম্যানসিটিকে হারিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করবে আর্সেনাল

সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দল আর্সেনাল ও ম্যানসিটির মাঝে তফাত মাত্র ৬ পয়েন্টের। তবে সিটির হাতে এক ম্যাচ বেশি আছে। ২২ বছরে প্রথম লিগ ট্রফি জেতার মিশনে বেশ ঝুঁকিতে আর্সেনাল। ম্যানসিটির মাঠে ম্যাচটা জিততে পারলে শিরোপার লড়াইয়ে বেশ ভালো অবস্থান নেবে তারা। মিকেল আর্তেতা বললেন, জেতার জন্যই ইতিহাদে নামবে তার দল।

পরিসংখ্যান কিন্তু আর্সেনালের পক্ষে নেই। ২০১৫ সালের জানুয়ারি থেকে সিটির মাঠে জিততে পারেনি তারা। এই ব্যর্থতা গানাররা ঘুচাতে পারবে কি না, তা সময় বলে দেবে। কিন্তু ড্র হলেও পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকবে তারা।

আর্তেতা বলেন, ‘আমি এই বিষয়ে (অন্যান্য আলোচনা) এক সেকেন্ডও সময় নষ্ট করতে চাই না। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই প্রস্তুতি নিই, আর সেই কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি এবং আমরা এভাবেই এগিয়ে যাব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এই অবস্থানে থাকার, প্রতিদ্বন্দ্বিতা করার, জেতার সম্ভাবনা ও সুযোগ পাওয়ার অধিকার অর্জন করেছি এমন একটি দলের বিপক্ষে লিগে যারা সেরা এবং সেরা কোচ আছে।’

এই ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন আর্তেতা, ‘এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ। আমরা এই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি এবং জেতার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি। আমরা এটাকে আমাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছি।’

পেপ গার্দিওলা স্বীকার করেছিলেন যে, এই ম্যাচে সিটি হেরে গেলে শিরোপার লড়াই ‘শেষ’ হয়ে যাবে। আর্তেতা বিষয়টি সেভাবে দেখছেন না, ‘আমি জানি না, এখনো ছয়টি ম্যাচ বাকি। দুই দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এটি ভারসাম্যে কিছুটা প্রভাব রাখবে। তবে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচ জেতা সবার জন্যই খুব কঠিন। এই ম্যাচের পরেও আমাদের সবার জন্য অনেক কঠিন ম্যাচ বাকি থাকবে, তাই যাই ঘটুক আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে জিতলে আপনি লক্ষ্যের কিছুটা কাছে পৌঁছে যাবেন। যেমন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচে জিতলে আমরা ফাইনালের কাছাকাছি পৌঁছে যাব। এটা নিশ্চিত, আর সেই কারণেই আমরা আগামী রোববারের ম্যাচটি জিততে চাই। এটি একদম পরিষ্কার।’

সূত্র: ঢাকা পোষ্ট