সংগৃহীত
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে দারুণ জয়ে এক ম্যাচ কম খেলে লিগ লিডার আর্সেনালের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্ট করেছে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে তারা গানারদের মুখোমুখি হবে। ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটি সিটির জন্য ‘ফাইনাল’ হয়ে দাঁড়িয়েছে বললেন কোচ পেপ গার্দিওলা।
নিকো ও’রাইলি, মার্ক গেহি ও জেরেমি ডোকুর দ্বিতীয়ার্ধের গোলে সিটি জয় পায়। আগের দিন বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল। বাকি সাত ম্যাচ জিতলে সিটিই হবে চ্যাম্পিয়ন। গার্দিওলা মানছেন, তার ক্লাবের সামনে আরও কিছু কঠিন ম্যাচ থাকলেও আর্সেনালের বিপক্ষে খেলায় সম্ভাব্য চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে যাবে।
গার্দিওলা বললেন, ‘আর্সেনাল ম্যাচ একটা ফাইনাল। কিন্তু বলবেন না যে ব্রেন্টফোর্ড (৯ মে) সহজ হতে যাচ্ছে। আমরা এমন একটি দলের (আর্সেনাল) বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা ৪৯ ম্যাচে মাত্র তিনটি হেরেছে, চ্যাম্পিয়ন্স লিগে একটিও হারেনি।’
কারাবাও কাপ ফাইনালে আর্সেনালকে ০-২ গোলে হারিয়েছিল সিটি। পিছিয়ে থেকে তারা ওই ম্যাচ খেলতে নেমেছিল বললেন গার্দিওলা, ‘কারাবাও কাপ ফাইনালে আমরা একেবারে দুর্বল দল ছিলাম, এই দেশে এমন একজনকেও পাবেন না যিনি এক পাউন্ড বাজি ধরবেন যে আমরা ভালো কিছু করতে পারতাম। হয়তো এখন পরিস্থিতি ভিন্ন।’
আর্সেনালের প্রতি সমীহের কথা জানালেন স্প্যানিশ কোচ, ‘গত কয়েক বছরে আর্সেনাল যা করেছে, সেটার জন্য তাদের প্রতি আমার সমীহ আছে। আমি ম্যানেজারকে চিনি, খেলোয়াড়দের জানি, তাদের সামর্থ্য সম্পর্কেও জানা আছে। সব পরিস্থিতিতে তারা কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আমি জানি, এটাই আমাদের সবচেয়ে বড় কাজ।’
আর্সেনালকে কঠিন দল মনে করার আরও ব্যাখ্যা দিলেন সিটি কোচ, ‘তারা এই দেশের, ইউরোপের সেরা দল এখন পর্যন্ত। তাদেরকে একবার হারানো খুব কঠিন- কয়েক সপ্তাহের মধ্যে দুইবার হারানোর কথা কল্পনা করুন তো।’
সূত্র: ঢাকা পোষ্ট












