সংগৃহীত
পুরো মৌসুমজুড়ে মিশরীয় তারকা মোহামেদ সালাহ লিভারপুল ছাড়ছেন বলে গুঞ্জন উঠেছিল। এর মাঝেই ২০২৫ সালে দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন তিনি। কিন্তু এরপরও নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। পরপর বেঞ্চে বসিয়ে রাখার প্রতিক্রিয়ায় ‘আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে’ বলেও মন্তব্য করেন সালাহ। সেই মিশ্র অনুভূতির ইতি ঘটেছে তার। লিভারপুল ছাড়ছেন সালাহ।
গতকাল (মঙ্গলবার) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই কিংবদন্তি ফুটবলার। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ বলছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে, এটি আমার বিদায়ের প্রথম পর্ব। এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।’
মাঠের সময়টাও কঠিন যাচ্ছিল সালাহ’র জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন ১০ গোল, যা অ্যানফিল্ড অধ্যায়ে তার কোনো সর্বনিম্ন স্কোর হতে যাচ্ছে। কোচের সঙ্গে বিরোধ তৈরির পর অবশ্য মনে করা হচ্ছিল মৌসুমের মাঝপথে জানুয়ারিতেই এই আফ্রিকান তারকা ক্লাব ছাড়তে পারেন। সেই সময়টা কেবল কিছুটা পিছিয়েছে, অর্থাৎ মৌসুম শেষেই চূড়ান্ত বিদায়টা নেবেন তিনি। যদিও এখনও সালাহ’র পরবর্তী গন্তব্য অনিশ্চিত।
— Mohamed Salah (@MoSalah) March 24, 2026
বিদায় ঘোষণার ভিডিও’র শুরুতেই বছরের পর বছর ধরে লিভারপুলের হয়ে রেকর্ড-ভাঙা পারফরম্যান্স ও ট্রফি জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সালাহ’র কিংবদন্তিতে পরিণত হওয়ার মুহূর্ত দেখানো হয়। এরপর তিনি বলতে থাকেন, ‘শুরুটা করতে চাই এই বলে যে…এই ক্লাবটি হৃদয়ের কতটা গভীরে স্থান নিয়েছিল তা কখনও কল্পনা করিনি। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। লিভারপুল কেবল একটি ক্লাবই নয়, এটি আবেগের নাম। এর ইতিহাস রয়েছে। এমন স্পৃহা আছে যা ক্লাবের অংশ নয় এমন কারও কাছে শব্দে বর্ণনা করে শেষ হবে না।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন তিনি, ‘যারা আমার ক্যারিয়ারের সেরা সময়টায় পাশে ছিলেন, কঠিন সময়েও দাঁড়িয়ে ছিলেন। এটি এমন বিষয় যা আমি কখনও ভুলব না এবং আমার সঙ্গে সবসময়ই থেকে যাবে। বিদায় বলাটা সহজ নয়। আপনারা আমার জীবনের সবচেয়ে সেরা সময়গুলো দিয়েছেন, সবসময় আপনাদের একজন হয়ে থাকব। ক্লাবটি সবসময় আমার বাড়ি এবং আমার কাছে পরিবার হয়ে থাকবে। সবকিছুর জন্য কৃতজ্ঞতা, আপনাদের কারণে আমি কখনও একা হাঁটব না।’

তার আনুষ্ঠানিক ঘোষণার পর লিভারপুল একটি বিবৃতি দিয়েছে। যেখানে ইংলিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘মোহামেদ সালাহ ২০২৫-২৬ মৌসুম শেষে লিভারপুল এফসির সঙ্গে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে। অ্যানফিল্ডে অবিস্মরণীয় নয় বছরের অধ্যায় সমাপ্তি নিয়ে ক্লাবের সঙ্গে সম্মতিতে পৌঁছেছেন তিনি। সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবশত, নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছতা রাখতে সালাহ যত দ্রুত সম্ভব এই ঘোষণাটি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও এই মৌসুমে এখনও অনেক খেলা বাকি, সালাহ–ও তার শেষ মৌসুমটা লিভারপুলের হয়ে সবচেয়ে সেরা উপায়ে শেষ করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এরপর যখন অ্যানফিল্ডে তিনি বিদায় নেবেন আমরা তার লিগ্যাসি ও অর্জন উদযাপন করব।’
লিভারপুল অধ্যায়ে সালাহ এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫টি গোল করেছেন, যা অলরেড ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে তৃতীয়। সামনে আছেন ইয়ান রুশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)। ব্যক্তিগতভাবে তিনি চারবার প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট এবং তিনবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জেতেন। লিভারপুলের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড।
এএইচএস
সূত্র: ঢাকা পোষ্ট














