রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশা পূরণ করতে পারেনি। নানা নাটকীয়তার পর টুর্নামেন্টে তারা অংশ নিয়েছে এবং ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচটি খেলেছেও। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সুপার এইটে কেবল এক ম্যাচ জিতে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তারপর দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়– পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা করেছে।

এমন শাস্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদের মতো সাবেক তারকারা। বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানার সিদ্ধান্তকে ‘সংকীর্ণ মানসিকতা’ বলেছিলেন আফ্রিদি। এই ধরনের শাস্তি দেশের ক্রিকেট উন্নয়নে কতটা কাজে লাগবে, সেই প্রশ্ন তোলেন শেহজাদ। কিন্তু যারা জরিমানা করছে বলে খবর, সেই বোর্ড এতদিন এনিয়ে কোনো শব্দ করেনি।

অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ইস্যুতে বক্তব্য জানা গেল। এই প্রতিবেদনকে তারা ‘সোশ্যাল মিডিয়া গুজব’ বলল। পিসিবির মুখপাত্র আমির মীর এই ধরনের প্রতিবেদনকে উড়িয়ে দিয়ে বলেছেন, কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে নেওয়া হয়নি কিংবা ভবিষ্যতেও হবে না। হিন্দুস্তান টাইমস-কে তিনি বলেন, ‘পিসিবি এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনো নেয়নি। এগুলো সবই সোশ্যাল মিডিয়ার গুজব। এই ধরনের কোনো নজির বা নিয়ম নেই।’

সূত্র: ঢাকা পোষ্ট