সংগৃহীত
দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে আকাশপথে রাজধানীর যোগাযোগ জোরদার করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সেখানে একটি ফ্লাইং একাডেমি স্থাপন করে পাইলট প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
গত বুধবার দুপুরে বিমানমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বগুড়া এয়ারফিল্ড পরিদর্শন করেন। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা।
আফরোজা খানম বলেন, ‘উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই। তাই বগুড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এখানে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হবে। পাশাপাশি ফ্লাইং একাডেমি চালু করে প্রশিক্ষণের মাধ্যমে পাইলট তৈরি করা হবে। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হলে উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ‘আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে প্রস্তুত করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

.webp)












