শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বগুড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

বগুড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

সংগৃহীত

বগুড়ায় সামিউল ইসলাম সিয়াম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার শাকপালা ইন্টারসেকশনে গড়ে তোলা শাকপালা সিঅ্যান্ডবি পার্কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তূর্য্য (২৮) ও তুহিন (১৭) নামের দুজন ছুরিকাহত হয়েছে।

সামিউল বগুড়ার ফুলতলা ক্যান্টনমেন্ট পাড়ার সাদিকুল ইসলামের ছেলে। তার স্থানীয় নর্থগার্ডেন স্কুল অ্যান্ড কলেজ থেকে আগামী মঙ্গলবার থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামিউলের সঙ্গে স্থানীয় কয়েকজন কিশোরের বিরোধ ছিল। শুক্রবার বিকেলে সামিউল শাকপালা সিঅ্যান্ডবি পার্কে ঘুরতে গেলে প্রতিপক্ষের কিশোরেরা তার ওপর হামলা চালায়। এ সময় সামিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সামিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল প্রথম আলোকে বলেন, সামিউলের বাবা সাদিকুল ইসলাম ঢাকায় নিরাপত্তাকর্মীর চাকরি করেন। সামিউলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

ওসি আশিক ইকবাল আরও বলেন, আহত তূর্য্য ফুলদীঘি এলাকার নুরন্নবীর ছেলে। আর তুহিনের বাড়ি শাকপালা এলাকায়। সে বাসচালকের সহকারী হিসেবে কাজ করে। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা নিহত সামিউলের পূর্বপরিচিত কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো