শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

সংগৃহীত

ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, দলীয় সরকারের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সাম্প্রতিক উপনির্বাচনগুলো তা আবারও প্রমাণ করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। 

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধী দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করছি। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই, অবিলম্বে এই দুই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল