বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের স্থায়ী কমিটির সভাপতি

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন

সংগৃহীত

প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয় প্রীতির ঊর্ধ্বে থেকে পুরোপুরি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার কড়া বার্তা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানান, সরকারি কর্মকর্তারা কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর নন, বরং তারা একমাত্র প্রজাতন্ত্রের কর্মচারী। নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে পুরোনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, জবাবদিহি এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ এমপি। ঢাকা জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে কমিটির সদস্যরা, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং উপস্থিত সবার মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সভাপতি সাঈদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন পর্যালোচনা শেষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস প্রশাসন অ্যাকাডেমি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি কর্মচারী হাসপাতাল, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির (এনএপিডি) কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রণালয়ের অধীন যেসব প্রকল্পের গতি সরকারি বাজেট বরাদ্দের তুলনায় ধীরগতির, সেগুলোর কারণ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া ‘সবার উপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে যেকোনো প্রকার অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ৩১ দফা সংস্কার প্রস্তাব মাঠ পর্যায়ে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে সাঈদ আহমেদ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে নিরপেক্ষতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তবসম্মত প্রতিবন্ধকতা থাকলে তা কমিটির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। কোনো তথ্য বা প্রাসঙ্গিক নথি গোপন না করে বাস্তব পরিস্থিতি উপস্থাপনের আহ্বান জানান তিনি।

তিনি জোর দিয়ে বলেন, নাগরিক সেবা সহজ ও দ্রুত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়, তাই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে সভাপতি আরও বলেন, সমস্যা সমাধানে পুরোনো ধ্যান-ধারণা থেকে বের হয়ে এসে স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো নির্দিষ্ট দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নন। এই সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ না ভেবে দল-মত নির্বিশেষে দেশের মানুষের কল্যাণে অভিন্ন লক্ষ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি, শাহজাহান চৌধুরী এমপি, মো. আমিরুল ইসলাম খান এমপি, ফখর উদ্দিন আহমেদ এমপি, রেহেনা আক্তার রানু এমপি এবং মো. নূরুল ইসলাম এমপি। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ অক্টোবর ২০২৬ || ২৯ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: