মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি: ঢাবি সাদা দল

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি: ঢাবি সাদা দল

সংগৃহীত

ন্যায় ও মেধাভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে এ মন্তব্য করে সাদা দল। দিবসটি উপলক্ষে শিক্ষাঙ্গনের অগণিত শিক্ষক ও গবেষকদের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন জানায় সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম সরকার বলেন, শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ জ্ঞান নয়।

শিক্ষা হলো জাতির বিবেক, মূল্যবোধ এবং মেরুদণ্ড গড়ার মূল কারিগর। আর এই কারিগর হলেন আমাদের সম্মানীয় শিক্ষকসমাজ। বর্তমান পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তারা বলেন, একটি বৈষম্যহীন, মেধাভিত্তিক, স্বাধীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ সর্বদাই সম্মুখভাগে নেতৃত্ব দিয়ে এসেছে। ঐতিহাসিক সকল গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে জাতীয় সংকট ও স্বাধীনতা সংগ্রামে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান রয়েছে, তেমনি মুক্তচিন্তার চর্চা, বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সাদা দল সর্বদা সোচ্চার থেকেছে।

বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি, আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় গঠনে মৌলিক গবেষণা, মানসম্মত শিক্ষা এবং অ্যাকাডেমিক স্বাতন্ত্র্য বজায় রাখা জরুরি। পাশাপাশি শিক্ষকসমাজের মর্যাদা, স্বায়ত্তশাসন এবং মুক্তচিন্তার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর দাঁড়িয়েই একটি কল্যাণমুখী শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব। বিশ্ব শিক্ষক দিবসের এই বিশেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল শিক্ষকদের ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।

ঢাবি সাদা দলের নেতারা বিবৃতিতে বলেন, আমরা এমন একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সংকল্পবদ্ধ, যেখানে শিক্ষকসমাজ মাথা উঁচু করে দাঁড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও দেশপ্রেমের আলোয় আলোকিত করবে। দেশের সব শিক্ষকের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করছি।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৬ অক্টোবর ২০২৬ || ২১ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: