সংগৃহীত
ঢাকা থেকে পদ্মা সেতু ব্যবহার করে নতুন একজোড়া কমিউটার ট্রেন পেতে যাচ্ছে গোপালগঞ্জবাসী। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি এবং তার বিখ্যাত গীতিনাট্য অভিযান-এর নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয়েছে অভিযাত্রী।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের গত ১৭ মে স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
ওই চিঠিতে বলা হয়, ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ কিলোমিটার। জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে একজোড়া নতুন ট্রেন পরিচালনা করা যেতে পারে। প্রস্তাবিত ট্রেনের নম্বর হবে ১৩৫ ও ১৩৬। ট্রেনে মোট কোচ থাকবে ৮টি। একটি কোচে সর্বনিম্ন ৫২ থেকে সর্বোচ্চ ৯৭ জন যাত্রী বসতে পারবেন। পুরো ট্রেনে মোট আসন থাকবে ৬০৯টি। গোপালগঞ্জের কাশিয়ানী জংশন ব্যবহার করে চলবে ট্রেনটি।
ওই চিঠিতে আরও বলা হয়, ঢাকা থেকে প্রতিদিন একবার দুপুর সাড়ে ৩টায় ছেড়ে অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সেখানে ৩০ মিনিট বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।
রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ট্রেনটিতে থাকবে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা। ঢাকা থেকে ছেড়ে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর হয়ে পৌঁছাবে গোপালগঞ্জে। ট্রেনের বন্ধের দিন থাকবে শনিবার। ট্রেনের রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে ঢাকায়।
সূত্র: ঢাকা পোষ্ট













