মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

তিনদিন চুয়াডাঙ্গার দর্শনা-গেদে রুটে যাত্রী চলাচল বন্ধ

তিনদিন চুয়াডাঙ্গার দর্শনা-গেদে রুটে যাত্রী চলাচল বন্ধ

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নদীয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সেখানকার প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত দিয়ে মানুষ ও যানবাহনে চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানা গেছে, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটগ্রহণকে সামনে রেখে সোমবার (২৭ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা-গেদে রুটসহ সংশ্লিষ্ট সকল সীমান্তপথে যাত্রী চলাচল বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. তুহিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে সীমিত সংখ্যক (২০-২৫ জন) যাত্রী বৈধ পাসপোর্টে গেদে সীমান্তে পাঠানো হলেও পরে ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞার চিঠি আসার পর বেলা ১১টার পর থেকে আর কোনো যাত্রী গ্রহণ করা হয়নি। এমনকি সকালে যাওয়া যাত্রীদের মধ্য থেকেও ১০-১২ জনকে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, চিঠিতে মেডিকেল ভিসাধারীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখার কথা উল্লেখ থাকলেও বাস্তবে গেদে ইমিগ্রেশন থেকে তাদেরকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে জয়নগর-গেদে রুটে কার্যত সব ধরনের যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে, চিঠিতে ভারতের নদীয়া জেলা প্রশাসনের জরুরি নির্দেশনায় বলা হয়েছে, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নদীয়া জেলার সকল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল নদীয়া জেলার ১৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে কিছু বিশেষ ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা গ্রহণের উদ্দেশ্যে যাতায়াত, ভোটারদের ভোটদানে অংশগ্রহণ এবং দ্রুত নষ্টযোগ্য পণ্যবাহী যানবাহনের চলাচল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৮ এপ্রিল ২০২৬ || ১৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন