শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

চিংড়ির রেণু শিকারে নেমে নদীতে যুবক নিখোঁজ

চিংড়ির রেণু শিকারে নেমে নদীতে যুবক নিখোঁজ

সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে বাগদা চিংড়ি রেণু শিকারে মেঘনা নদীতে নেমে জালের রশিতে পা পেঁচিয়ে মো. শিপন (২২) নামে এক যুবক তলিয়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকায় নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পার হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। 

নিখোঁজ শিপন উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলি কাশেমের বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে। প্রায় ১৫ দিন আগে তিনি বিয়ে করেছেন। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিপন মই জাল দিয়ে চিংড়ির রেণু শিকারে নবীগঞ্জ এলাকায় নদীতে যায়। নদীতে জাল ফেলার একপর্যায়ে সাঁতরে সেটি টেনে উঠানোর চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত তার পায়ের সঙ্গে জালের রশি পেঁচিয়ে যায়। এতে তিনি স্রোতের সঙ্গে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। আশপাশে থাকা অন্য জেলেরা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার খোঁজে চেষ্টা চালায়।  

রাত ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। তার স্বজন ও স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।

শিপনের বন্ধু রাসেল, সোহেল ও মনছুর জানায়, কয়েকদিন আগে শিপন বিয়ে করেছে। তাকে খুঁজে পেতে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিপনের বাবাসহ স্বজনরা নদীর পাড়ে আহাজারি করছে। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।

কমলনগর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিয়াজুল আমিন জানান, আমাদের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। নিখোঁজ যুবককে উদ্ধারে চাঁদপুর থেকে ডুবুরিদের একটি বিশেষ দল ইতোমধ্যে রওনা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। উদ্ধার তৎপরতায় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০২ মে ২০২৬ || ১৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন