সংগৃহীত
এফএ কাপে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গতবার রানার্সআপ হয়েছিল। তার আগে ম্যানইউর কাছে ফাইনালে হার। গত দুই আসরের পরাজিত ফাইনালিস্ট ম্যানসিটিকে এবারের কোয়ার্টার ফাইনালেই বড় বাধা পার হতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল পড়েছে সাতবারের এফএ কাপ জয়ীদের সামনে।
গতকাল (সোমবার) এফএ কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার লিগের আরও দুই জায়ান্ট আর্সেনাল ও চেলসিও কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কে, জানতে পেরেছে। এই দুই দলের সেমিফাইনালে ওঠার পথ সহজতর হলেও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে হবে লিভারপুল ও ম্যানসিটিকে। অবশ্য ম্যানচেস্টার ক্লাবের জন্য স্বস্তির খবর– তারা ইতিহাদ স্টেডিয়ামে স্বাগত জানাবে অলরেডদের। পেপ গার্দিওলার দল টানা চতুর্থ ফাইনালে ওঠার মিশনে।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের দেখা হয়েছে দুইবার। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সিটি ৩-০ গোলে জেতে। সবশেষ লিভারপুলের মাঠেও ২-১ গোলের রোমাঞ্চকর জয় পায় গার্দিওলার দল। এদিকে সান্ডারল্যান্ডকে চমকে দেওয়া লিগ ওয়ানের দল পোর্ট ভেল শেষ আটে মুখোমুখি হবে চেলসির। প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে থাকা সর্বনিম্ন র্যাংকিংধারী দলটি ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে।
প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল গত শনিবার ম্যান্সফিল্ডকে হারিয়ে শেষ আটের খেলা নিশ্চিত করে। ১৪ বারের চ্যাম্পিয়নরা খেলবে চ্যাম্পিয়নশিপ দল সাউদাম্পটনের মাঠে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড স্বাগত জানাবে লিডসকে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে ৪ এপ্রিল।
এফএইচএম/
সূত্র: ঢাকা পোষ্ট



.jpg)






.jpg)


