সংগৃহীত
চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত ঈদের পোশাক মেলাকে কেন্দ্র করে কাজীর দেউড়ি থেকে লালখান বাজার অভিমুখে ইস্পাহানি মোড় পর্যন্ত সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে আগ্রাবাদমুখী অসংখ্য যানবাহনকে বিকল্প পথে ওয়াসা মোড় হয়ে ঘুরে যেতে হচ্ছে, যার ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনভোগান্তি।
শনিবার (৭ মার্চ) বিকেল থেকে হঠাৎ করে সড়কে এই নিয়ন্ত্রণ আরোপ করায় যাত্রী ও গাড়িচালকদের ভোগান্তিতে পড়তে হয়।
জানা গেছে, নগরীর রেডিসন হোটেলে ‘গ্র্যান্ড ঈদ এক্সিবিশন’ নামে তিন দিনব্যাপী একটি পোশাক মেলার আয়োজন করেছে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই আয়োজনকে ঘিরেই সড়কটিতে আংশিক ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে।
সড়ক সীমিত থাকায় আগ্রাবাদমুখী শত শত যানবাহনকে ওয়াসা মোড় হয়ে ঘুরে যেতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশার যাত্রীরা। অতিরিক্ত পথ ঘুরে যেতে হওয়ায় অনেক রিকশাচালক বাড়তি ভাড়া চাইছেন। ফলে অনেক যাত্রী মাঝপথে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
সিরাতুল মুস্তাকিম নামে এক যাত্রী বলেন, হঠাৎ করে সড়ক বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। আগে থেকে কোনো ঘোষণা না থাকায় সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছে।
ইফতারের পর সড়কটিতে ভোগান্তিতে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বাবু বলেন, একটি মেলার জন্য গুরুত্বপূর্ণ সড়ক আংশিক বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। এতে নগরীর সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। রাত ৮টা-৯টার পর থেকে এই এলাকায় সাধারণ এত যানজট থাকে না। কিন্তু আজ পুরো এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কাজীর দেউড়ি এলাকার ট্রাফিক ইনস্পেক্টর বিপুল জানান, রেডিসন হোটেলে মহিলাদের পোশাকের বড় একটি মেলা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই সড়কে আংশিক ব্লক রাখা হয়েছে।
তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাঞ্জুমা মোরশেদকে সড়ক বন্ধের প্রসঙ্গে জানতে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
সূত্র: ঢাকা পোষ্ট










.jpg)
