সংগৃহীত
প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) এক শোকবাণীতে তিনি বলেন, প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
তিনি বলেন, মাওলানা যুক্তিবাদী তার ওয়াজে কুরআন-সুন্নাহর বক্তব্য হিকমত ও যুক্তির সঙ্গে মানুষের সামনে উপস্থাপন করতেন। যুক্তিনির্ভর ও প্রাঞ্জল বয়ানের কারণে তিনি দেশে-বিদেশে ‘যুক্তিবাদী’ উপাধিতে সমধিক পরিচিতি লাভ করেন।
শোকবার্তায় তিনি আরও বলেন, তার মৃত্যুতে জাতি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী বক্তাকে হারাল। তিনি আজীবন ওয়াজ-নসিহতের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা এবং মানুষের উন্নত নৈতিক চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।
তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেইউ/জেডএস
সূত্র: ঢাকা পোষ্ট
.jpg)













