রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি থেকে এখনো অনেক দূরে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাষ্ট্রীয় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ঘালিবাফ বলেন, চুক্তিতে পৌঁছাতে দুই দেশকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

তিনি বলেন, “আলোচনায় কিছু ইস্যুতে আমরা একমত হতে পেরেছি। আবার কিছু বিষয়ে এখনো পারিনি। চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আমরা এখনো অনেক দূরে আছি।”

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখার কারণ দেখিয়ে গতকাল গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে তেহরান।

যা আলোচনাকে আবারও কঠিন করে তুলেছে। গতকাল সংবাদমাধ্যম সিএনএনকে ইরানি একটি সূত্র জানিয়েছিল, আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় বসবে মার্কিনি ও ইরানি প্রতিনিধিরা। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, আলোচনাটি আর হবে না।

ইরানি ওই সূত্রটি জানিয়েছিলেন, আলোচনার জন্য রোববার পাকিস্তানে পৌঁছাবে তাদের প্রতিনিধি দল।

এদিকে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিকে নিজেদের জন্য কৌশলগত বিজয় হিসেবে অভিহিত করেছেন ঘালিবাফ। তিনি বলেছেন, “আমরা শত্রুদের ধ্বংস করে দেইনি— তাদের কাছে এখনো অস্ত্র এবং অর্থ রয়েছে। কিন্তু কৌশলগতভাবে, তারা আমাদের সামনে পরাজিত হয়েছে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। যা বর্তমানে শেষের দিকে আছে।

সূত্র: ঢাকা পোষ্ট