সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ।
নিহত ফরিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রাম ও দৈনিক ইলশেপাড়া পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। অনেক খোঁজাখুঁজির পর গতকাল বুধবার বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চেই এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা গেছেন। ছেলে নিখোঁজ হওয়ার পর পাগলপ্রায় হয়ে পড়েন তার বাবা-মা। অবশেষে ২০ দিন পর খোঁজ পেয়েছেন তারা। তবে জানতে পারলেন, তাদের ছেলে আর দুনিয়াতে নেই।
ফরিদের বাবা আবু তালেব সরদার বলেন, “আমার ছেলে সৌদি আরবে একটি কফি হাউজে শ্রমিকের কাজ করত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল ফরিদ। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। কিন্তু গত ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর বিকেলে ছেলের মুঠোফোনে তার মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।”
বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, “নিহতকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবারকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার পরিষদ থেকে তা করা হবে।”
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, “মৃতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সূত্র: ঢাকা পোষ্ট











.webp)


.webp)